Telecom-2Others 

দেশে টেলিকম দপ্তরের নির্দেশিকা কার্যকর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ল্যান্ডলাইন থেকে মোবাইলে ফোন করার সময় ১০ সংখ্যার মোবাইল নম্বরের আগে ‘শূন্য’ যোগ করে ডায়াল করতে হবে। সূত্রের খবর, টেলিকম দপ্তরের নির্দেশ মেনে এই ব্যবস্থা চালু করেছে টেলিকম অপারেটররা। উল্লেখ করা যায়, ভারতের সমস্ত অপারেটর এই বিষয়টি তাদের গ্রাহকদের জানিয়েও দিয়েছে। এয়ারটেল সূত্রের খবর, টেলিকম দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, ১৫ জানুয়ারি, ২০২১ সাল থেকে আপনার ল্যান্ডলাইন থেকে কোনও মোবাইলে ফোন করার সময় নির্দিষ্ট মোবাইল নম্বরের আগে একটি ‘শূন্য’ বসানো বাধ্যতামূলক। অন্যদিকে রিলায়েন্স জিয়ো-ও তাদের গ্রাহকদের বিষয়টি অবগত করেছে।

এক্ষেত্রে টেলিকম সংস্থাটির বক্তব্য, টেলিকম দপ্তরের নির্দেশিকা মেনেই ১৫ জানুয়ারি থেকে ডায়ালিং প্যাটার্নে এই পরিবর্তন চালু হচ্ছে। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে টেলিকম দপ্তর সূত্রে জানানো হয়, ২০২১ সালের ১৫ জানুয়ারি থেকে ল্যান্ডলাইন থেকে মোবাইলে ফোন করার সময় মোবাইল নম্বরের আগে একটি ‘শূন্য’ বসাতে হবে। এ বিষয়ে যোগাযোগ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এরফলে ভবিষ্যৎ ব্যবহারের জন্য যথেষ্ট সংখ্যক নম্বরের জোগান নিশ্চিত হবে। এক্ষেত্রে মন্ত্রকের বক্তব্য, প্রায় ২৫.৩৯ কোটি নম্বর সিরিজ এই ব্যবস্থার ফলে তৈরি হবে। তবে ল্যান্ডলাইন থেকে ল্যান্ডলাইন, মোবাইল থেকে ল্যান্ডলাইন এবং মোবাইল থেকে মোবাইলে কলের ক্ষেত্রে ফোন নম্বর ডায়াল করার ব্যবস্থায় কোনও রদ-বদল করা হয়নি।

Related posts

Leave a Comment