maharastra politicsBreaking News Others Politics 

মহারাষ্ট্রে রাজনৈতিক সঙ্কট : বাড়ছে জট -জটিলতা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মহারাষ্ট্রে রাজনৈতিক সঙ্কট আরও প্রকট। এখনও সরকারের জটিলতা কাটেনি। রাজনৈতিক সূত্রের খবর, নতুন দাবি সামনে এনেছেন শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে। প্রকৃত শিবসেনার নেতা বলে দাবি করেছেন তিনি।

এক্ষেত্রে তাঁর বক্তব্য, শিবসেনার যে রাজনৈতিক আদর্শ থাকার কথা, সেই নিয়মেই বিজেপি-র সঙ্গেই শিবসেনার জোট হওয়ার কথা। বর্তমান শিবসেনা নেতৃত্ব সেই পথ ধরছে না বলে প্রকৃত শিবসেনা তাঁরাই। এমনকী শিবসেনার প্রতীকও দাবি করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, একনাথ শিন্ডের আরও দাবি,৪০-এর ওপর বেশি বিধায়কের সমর্থন রয়েছে। এমনকী ১৭ জন শিবসেনা সাংসদও পক্ষে রয়েছেন বলে জোরালো দাবি করা হয়েছে। আবার রাজনৈতিক বিশ্লেষকদের মত,সমর্থনের যে পত্র সামনে এসেছে,তাতে ৩৪ জন বিধায়কের নাম রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের অন্য একটি অংশের বক্তব্য,গুয়াহাটির যে হোটেলে শিবসেনার বিধায়করা রয়েছেন,সেই হোটেলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে তৃণমূল সমর্থকরা। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে,অসমে নিজের শক্তি প্রদর্শন করতেই পারেন একনাথ। তবে প্রকৃত অর্থে শক্তি প্রদর্শন করতে গেলে তাঁকে মুম্বই আসতে হবে।

এনসিপি নেতা জয়ন্ত পাটিল স্পষ্ট জানিয়েছেন, আমরা উদ্ধব ঠাকরের সঙ্গে রয়েছি। এনসিপির পূর্ণ সমর্থন রয়েছে তাঁর প্রতি। এক্ষেত্রে তাঁর আরও বক্তব্য, উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রীর বাসভবন ছেড়েছেন, তার মানে এই নয় যে, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। যে বিদ্রোহী বিধায়কদের কথা বলা হচ্ছে, তাঁরা উদ্ধব ঠাকরের সামনে দাঁড়ালেই পরিস্থিতি অনেকটা বদলে যাবে।

উল্লেখ করা যায়,গতকাল বিশেষ বৈঠক হয় এনসিপি প্রধান শরদ পাওযারের বাসভবনে। ওই বৈঠকে হাজির ছিলেন উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ পাটিল ও মন্ত্রী জয়ন্ত পাটিল-সহ বেশ কিছু নেতা।

আবার শিবসেনা প্রধান সঞ্জয় রাউত তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, “ওঁরা যখন মু্ম্বইয়ে আসবেন, তখনই বিষয়টি স্পষ্ট হবে। যাঁরা বালাসাহেব ঠাকরের ভক্ত, তাঁরা কখনই এই দল ছেড়ে যেতে পারেন না।”

গতকাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মন্তব্য করেছিলেন,”একজন বিধায়কও মুখ্যমন্ত্রী হিসেবে আমাকে নিয়ে আপত্তি করলে আমি পদত্যাগ করব। আমি আমার পদত্যাগপত্র প্রস্তুত রাখছি।”

সর্বশেষ খবরে জানা গিয়েছে,গুয়াহাটির হোটেলে আরও ৭ বিদ্রোহী বিধায়ক রয়েছেন। গুয়াহাটিতে ঘুঁটি সাজিয়ে চলেছেন একনাথ শিন্ডে। এই মুহূর্তে তাঁর দাবি,সঙ্গে রয়েছেন ৪২ জন বিধায়ক। ৩৫ জন শিবসেনা ও ৭জন নির্দল বিধায়ক রয়েছেন। তবে মহারাষ্ট্রের এই পরিস্থিতি ঘিরে দফায় দফায় বৈঠক চলছে বিভিন্ন রাজনৈতিক দলের। পরিস্থিতির দিকে চোখ রাজনৈতিক পর্যবেক্ষকদের। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment