বাড়িতে বসেই বানিয়ে নিন হ্যান্ড স্যানিটাইজার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনার দাপটে অস্থির জনজীবন। এই পরিস্থিতিতে নিজেকে পরিশুদ্ধ রাখতে ঘরে বসেই বানিয়ে নেওয়া যায় হ্যান্ড স্যানিটাইজার।
এটির মূল উপাদান বিশুদ্ধ আইসোপ্রোপাইল অ্যালকোহল (বিশুদ্ধতা৯৯%), এর সঙ্গে প্রয়োজন হবে গ্লিসারিন/অ্যালোভেরা জেল ও সামান্য এসেনশিয়াল অয়েল বা টি ট্রি অয়েল।
হ্যান্ড স্যানিটাইজার বানানোর আগে কয়েকটি সাবধানতা অবলম্বন করতে হবে। মূলত বিশুদ্ধতা বজায় রেখে ও সাবধানতার সঙ্গে এটি করতে হবে। যে পাত্রে স্যানিটাইজার বানানো হবে তা অবশ্যই গরম জলে ২০ মিনিট ফুটিয়ে জীবাণু নাশ করতে হবে। তারপর আগুন থেকে দূরে নিরাপদ জায়গায় স্যানিটাইজার মিশ্রণটি তৈরি করতে হবে।
৩ ভাগ অ্যালকোহলের সঙ্গে এক ভাগ গ্লিসারিন বা অ্যালভেরা জেল মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে মূল মিশ্রণটি। এটি জেল টাইপ হ্যান্ড স্যানিটাইজার। যদি স্প্রে টাইপ স্যানিটাইজার বানাতে হয় তাহলে গ্লিসারিনের বদলে ডিস্টিলড ওয়াটার দিলেই চলবে। আর অ্যালকোহলের তীব্র গন্ধ দূর করার জন্য অল্প পরিমান (১০-১২ ফোঁটা মূল মিশ্রনের পরিমান অনুপাতে) এসেনশিয়াল অয়েল মেশাতে হবে। যদি স্যানিটাইজারের আয়ু বাড়াতে হয় তাহলে সামান্য ২% হাইড্রোজেন পারঅক্সাইড মিশ্রণটির সঙ্গে মেশালেই চলবে।

