মেট্রো ই-পাসের সন্ধান দিতে চলেছে বিশেষ বার কোড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মেট্রো যাত্রীদের জন্য এবার খুশির খবর। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, মেট্রো ই-পাসের সন্ধান দিতে চলেছে বিশেষ বার কোড। এ বিষয়ে জানা গিয়েছে, পরিষেবা চালু হওয়ার পর বিভিন্ন স্টেশনের বাইরে বা রেলের বিজ্ঞাপনের জায়গায় দেওয়া হবে বার কোড।এক্ষেত্রে সেই বার কোড স্ক্যান করলেই মিলবে মেট্রো রেলওয়ে কলকাতার অ্যাপ। আবার প্লে স্টোরে গিয়ে মেট্রো রেলওয়ে কলকাতা লিখলে দেখতে পাওয়া যাবে একাধিক অ্যাপ। আবার এর মধ্যে মেট্রো রেলওয়ে কলকাতা (অফিসিয়াল) লিখলে পাওয়া যাবে আসল অ্যাপটি। এটি কলকাতা মেট্রোর নিজস্ব অ্যাপ। যা গুগল স্বীকৃত। এই অ্যাপই হতে চলেছে ই-পাস পাওয়ার অন্যতম প্রধান মাধ্যম।
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে,অ্যান্ড্রয়েড বা আইওএস মোবাইল থেকে স্ক্যান করা যাবে এই বার কোড। স্ক্যান করলেই চলে আসবে https://play.google.com/store/apps/details?id=com.mtpsk.metrorailwaykolkata এই লিঙ্ক। এটিতে ক্লিক করলেই পাওয়া যাবে মেট্রো রেলওয়ে কলকাতা অফিসিয়াল অ্যাপ। সেখানে রেজিষ্ট্রেশন করতে হবে। তারপর খুলতে পারবেন অ্যাপটি। সেখানে পূর্ণ করতে হবে কোন স্টেশন থেকে যাত্রী ট্রেন ধরবেন বা কোন স্টেশন পর্যন্ত যাত্রী যাবেন। কোন সময়ে তিনি যাত্রা করতে চান। সূত্রের খবর, এক ঘন্টা সময়ের জন্যে স্লট বুকিং করা যাবে। অর্থাৎ যে বা যাঁরা মেট্রো যাত্রা করতে আগ্রহী তাঁরা এই ভাবেই পেয়ে যাবেন ই-পাস।

