Minhajul MondalOthers 

স্টেপলারের পিন দিয়ে চেন বানিয়ে গিনেস রেকর্ড পড়ুয়ার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্টেপলারের পিন দিয়ে ২১৭০ ফুটের চেন তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠল দুবরাজপুরের কলেজ পড়ুয়ার। জানা গিয়েছে ওই যুবকের নাম মিনহাজুল মণ্ডল। সূত্রের খবর, ওই রেকর্ড সংক্রান্ত সার্টিফিকেট দুবরাজপুরের যশপুর পঞ্চায়েতের ছোট শালুঞ্চিতে তাঁর বাড়ির ঠিকানায় এসে পৌঁছেছে। এই ঘটনায় দুবরাজপুর পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনাও দেওয়া হয়েছে বলে জানা যায়। সূত্রের আরও খবর, গ্রামের প্রাথমিক স্কুলে পড়াশুনা করে তিনি দুর্গাপুরে আমলৌকায় মামাবাড়িতে চলে যান। এরপর সেখানে তিনি ইছাপুর এন. সি. হাইস্কুলে পড়াশুনা করেছেন।

সম্প্রতি রানিগঞ্জে টিডিবি কলেজে ভূগোল অনার্সের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ওই যুবক। স্কুলে পড়া চলাকালীন কর্মশিক্ষার উপর একাধিক কাজ করে মিনহাজুল বিভিন্ন পুরস্কারও পেয়েছেন। গত বছর তিনি চেন তৈরির কাজ শুরু করেন। এক্ষেত্রে তাঁর দাবি, প্রায় ৮০ হাজার স্টেপলারের পিন দিয়ে ২১৭০ ফুট ১০ ইঞ্চি মাপের চেনটি তৈরি। এরপর তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার জন্য আবেদন করেন। গত ডিসেম্বর মাসে দুবরাজপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে তাঁর তৈরি চেনের মাপজোক করা হয়েছে বলেও জানা যায়। প্রশাসনের দেওয়া সার্টিফিকেট তিনি ফের সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন বলেও খবর।

Related posts

Leave a Comment