মধ্যমগ্রামে এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: মধ্যমগ্রাম বসুনগর খেলার মাঠে এমএলএ কাপ টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা চালু হল। মুখোমুখি হল মোহামেডান ও ইউনাইটেড স্পোর্টস। সূত্রের খবর, গত দুদিন আগে এই টুর্নামেন্টের শুভ সূচনা হয়। আজ তার দ্বিতীয় দিন। জানা গিয়েছে, মোট আটটি দলের মধ্যে এই টুর্নামেন্ট সম্পন্ন হবে। আয়োজক সূত্রে খবর, আগামী ৩ জানুয়ারি এমএলএ কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ও চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। সূত্রের আরও খবর, এই টুর্নামেন্ট ঘিরে মধ্যমগ্রামবাসী তথা খেলা-প্রেমী মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
আজও এই টুর্নামেন্ট দেখতে উপস্থিত ছিলেন কলকাতা মাঠের প্রাক্তন সনামধন্য ফুটবলাররা। উল্লেখ্য, দীর্ঘদিন করোনা পরিস্থিতি কারণে বন্ধ ছিল ফুটবল, ক্রিকেট সহ সব ধরনের খেলাধূলা। তবে পরিস্থিতি কিছু স্বাভাবিক হওয়ার কারণে ধীরে ধীরে ফের খেলোয়াড়রা মূল স্রোতে ফিরছেন। আর ঠিক এই সময় মধ্যমগ্রামের খেলা প্রেমী মানুষের কথা চিন্তা করে বিধায়ক রথীন ঘোষ-এর উদ্যোগে এই এমএলএ কাপের আয়োজন করা হয়। এই টুর্নামেন্ট আয়োজন করার অন্যতম কান্ডারী মধ্যমগ্রামের দুই ফুটবলার পার্থ চক্রবর্তী ও অভিজিৎ রায় চৌধুরী বলে জানা যায়।

