নাম বদলে মোতেরা এখন নরেন্দ্র মোদি স্টেডিয়াম
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের নাম বদল হল। নরেন্দ্র মোদির নামে হয়েছে এই নামকরণ। নব রূপে তৈরি হওয়া মোতেরা স্টেডিয়ামের নাম বদলে হয়ে গেল নরেন্দ্র মোদি স্টেডিয়াম ৷ সূত্রের খবর,ভারত বনাম ইংল্যান্ড পিঙ্ক বল টেস্ট ম্যাচের আগে ভূমিপূজা অনুষ্ঠানে এই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এক্ষেত্রে আরও জানা গিয়েছে, নতুন করে তৈরি হওয়া মোতেরা স্টেডিয়াম ৬৩ একর জমির ওপর বিস্তৃত ও নির্মিত।
এটি এখন সারা পৃথিবীর সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম ৷ এতে ১,১০,০০০ মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারেন ৷ এরপর দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ৷ নতুন ভাবে তৈরি হওয়া মোতেরা স্টেডিয়াম এখন সারা বিশ্বে সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম ৷ এ বিষয়ে আরও জানা গিয়েছে, এখানে দুটি অনুশীলনের মাঠ রয়েছে ৷ যাতে ৯ টি পিচও রয়েছে৷ আর মূল স্টেডিয়ামে ১১ টি পিচ রয়েছে৷ যার মধ্যে ৬ টি লাল মাটি দিয়ে তৈরি। আর ৫ টি কৃষ্ণমৃত্তিকা দিয়ে তৈরি ৷ এটিই প্রথম স্টেডিয়াম যেখানে দুই রকম মাটির তৈরি পিচই রাখা হয়েছে।
আবার ড্রেসিংরুমগুলি জিমের সঙ্গে যুক্ত ৷ এছাড়া রয়েছে ওয়ার্মআপের জায়গা ৷ ট্রেনার, ফিজিও এবং কোচদের জন্য আরও আলাদা জায়গা রাখা হয়েছে। এই স্টেডিয়ামটি স্পোর্টস কমপ্লেক্স হিসেবে নির্মিত হয়েছে। যেখানে ফুটবল, বাস্কেটবল ও হকি খেলা করা যাবে। প্রতিটি দর্শক যাতে কোনওরকম বাধা ছাড়া খেলা দেখতে পারেন বা প্রতিটা অ্যাঙ্গেল থেকে খেলা দেখতে পারেন তার জন্য বিশেষ ডিজাইন করা হয়েছে ৷ ফ্লাডলাইট, টাওয়ার ও পিলার সব দৃষ্টির এলাকা থেকে সরানো হয়েছে ৷ এক্ষেত্রে এই স্টেডিয়ামে এলইডি লাইট লাগানো হয়েছে ৷ মাঠে ড্রেনেজ সিস্টেম অত্যন্ত উন্নতমানের করা হয়েছে ৷ বর্ষায় বৃষ্টি থামার পরই খেলা শুরু করা যাবে বলে জানা যায় ৷

