ধৃত ৮ পুলিশকর্মী খুনে অভিযুক্ত গ্যাংস্টার বিকাশ দুবে

bikash dubey

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গত ৫ দিন ধরে ঘোল খাইয়ে অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল কানপুরে ৮ পুলিশকর্মী খুনের মূল পাণ্ডা গ্যাংস্টার বিকাশ দুবে। বৃহস্পতিবার বিকাশকে মধ্যপ্রদেশের উজ্জয়নীর মহাকাল মন্দির থেকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, বুধবার বিকাশের ডান হাত অমর দুবে মারা যায় পুলিশের এনকাউন্টারে । এরপর ফরিদাবাদের একটি হোটেলের সিসিটিভি ফুটেজে বিকাশকে মাস্কে মুখ ঢেকে পালিয়ে যেতে দেখা যায় ।

এরপর প্রায় এক সপ্তাহ ধরে পুলিশকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর পর অবশেষে বৃহস্পতিবার সকালে ধরা পড়ে সে। কিন্তু গ্রেফতারের পরেও এতটুকু দমেনি ডন। উল্টে চিৎকার করে তাকে বলতে শোনা যায়, ‘ম্যায় বিকাশ দুবে কানপুরওয়ালা’। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহাকাল মন্দিরের বাইরে একজন ফুল বিক্রিতার সঙ্গে মুখের মাস্ক খুলে কথা বলেছিল বিকাশ। তাকে দেখেই সন্দেহজনক বলে মনে হয় ওই ফুল বিক্রেতার। তিনিই খবর দেন পুলিশকে।

শুধু তাই নয়, মহাকাল মন্দিরের ভিআইপি লাইনে নিজের আসল নামেই নাম নথিভুক্ত করে বিকাশ । সেখান থেকেও খবর যায় পুলিশের কাছে । বিকাশ ধরা পড়ার পর প্রশ্ন উঠেছে, সত্যিই কি বিকাশকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ? নাকি ইচ্ছা করেই আত্মসমর্পণ করেছে সে? এর পিছনে আরও গভীর কোনও অভিসন্ধি রয়েছে কিনা এখন সেটাই বোঝার চেষ্টা করছে পুলিশ। উঠছে একাধিক সঙ্গত প্রশ্নও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *