নেপালের সঙ্গে সার্বিক সম্পর্কের লক্ষ্যে ভারত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নেপালের সঙ্গে সার্বিক সম্পর্কের লক্ষ্যে আগামী ২৬ নভেম্বর দু-দিনের সফরে কাঠমান্ডু যাবেন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, এই সফরে দু-দেশের মধ্যে যৌথ উন্নয়নমূলক কর্মসূচি এবং বিভিন্ন ক্ষেত্রে সংযোগ বাড়ানো নিয়েই আলোচনা হবে। সীমান্ত বিতর্কের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে না বলে জানা গিয়েছে। সূত্রের আরও খবর, ভারতীয় এলাকা কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরাকে নেপালের মানচিত্রে জুড়ে নেপালের পার্লামেন্টে বিল পাশ করিয়েছিলেন ওই দেশের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। অন্যদিকে দক্ষিণ নেপালের বীরগঞ্জ জেলার অযোধ্যা গ্রামকে রামের জন্মস্থান বলে দাবি করেও বিতর্ক তৈরি করেছিলেন। এক্ষেত্রে ওলির এমন আচরণের পিছনে চিনের মদত রয়েছে বলে নেপালের সংবাদমাধ্যমের একাংশ দাবি করে। সেইসব বিতর্ক এড়িয়ে প্রতিবেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করাকেই অগ্রাধিকার দিতে চলেছে দিল্লি।

