নেতাজির জন্মবার্ষিকীতে উৎসবের মেজাজ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীতে রীতিমতো উৎসবের মেজাজ। সাজসাজ রব বিভিন্ন স্থানে। রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয়েছে বিবিধ অনুষ্ঠানেরও। সূত্রের খবর, সোনারপুরের কোদালিয়ায় আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্ত তাঁর পৈতৃক ভিটে। ভাঙাচোরা অবস্থার মধ্যে রয়েছে ওই ভিটে। ক্ষতি হয়েছে বাড়ির বিভিন্ন অংশ। এখনও মেরামত হয়নি বলে স্থানীয় সূত্রে জানা যায়। বিষয়টি নিয়ে অভিযোগও করেছেন এলাকার মানুষ। উল্লেখ করা যায়, আগামীকাল ২৩ জানুয়ারি এই হেরিটেজ বাড়িটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, করোনা আবহে ৫ জনের বেশি প্রবেশ করতে দেওয়া হবে না।
সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এবং দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই বাড়ির দরজা খোলা থাকবে সাধারণ মানুষের জন্য। একসাথে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রসঙ্গত, এই বিশেষ দিনে নেতাজির পৈতৃক ভিটেকে স্পর্শ করার জন্য অনেক দর্শক ও নেতাজি ভক্তরা হাজির হন। এই ভিটে দেখাশোনা করার জন্য দায়িত্বে রয়েছে নেতাজি কৃষ্টি কেন্দ্র।
উল্লেখ্য, নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই দিনটি পালনের জন্য কেন্দ্র ও রাজ্যস্তরে নানা অনুষ্ঠানও আয়োজন হচ্ছে।

