siliguri and campaingOthers Politics 

উৎসবের মেজাজে শিলিগুড়িতে প্রার্থীদের মনোনয়ন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: উৎসবের আবহে মনোনয়ন জমা দিলেন প্রার্থীরা। মনোনয়ন দেননি মাটিগাড়া-নকশালবাড়ির প্রার্থী ক্যাপ্টেন নলিনী রঞ্জন রায়। সূত্রের খবর, শেষ বেলায় প্রার্থী বদল হতে পারে। শিলিগুড়িতে মনোনয়ন জমা দিলেন সব পক্ষই। উৎসবের আবহে হল মনোনয়ন পর্ব। কর্মী- সমর্থকদের উৎসাহ দেখা গিয়েছে। রীতিমতো ঢাক, তাসা, ব্যাণ্ডপার্টি ও মাদল কোনও কিছুরই অভাব ছিল না। মনোনয়ন জমা দেওয়ার পথেও প্রচার সারলেন প্রার্থীরাও। শিলিগুড়ির সংযুক্ত মোর্চার প্রার্থী সিপিএমের অশোক ভট্টাচার্য মনোনয়ন দিলেন। সস্ত্রীক প্রার্থী দলীয় কার্যালয় থেকে মিছিল করে আসেন মহকুমা শাসকের দফতরে। দলীয় কর্মী ও সমর্থকদের প্রবল উন্মাদনাও দেখা গিয়েছে। মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। শিলিগুড়ির সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য জানিয়েছেন, “এবারে রাজ্যে পরিবর্তন আসছে। বিকল্প একমাত্র বাম, কংগ্রেস, আইএসএফের জোট সংযুক্ত মোর্চা। রাজ্যের উন্নয়নও কর্মসংস্থানের জন্যে জোট সরকার চাই। জয় আসবে। এবারে লড়াই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে।” ।
জোট হলেও পৃথক মিছিল করে মনোনয়ন জমা দিতে আসে বাম ও কংগ্রেস প্রার্থীরা। সমতলের দুই কংগ্রেস প্রার্থীও এসেছেন। মাটিগাড়া-নকশালবাড়ির শঙ্কর মালাকার ও ফাঁসিদেওয়ার সুনীল তিরকে। কংগ্রেস কর্মীরাও উৎসাহী ছিলেন। জয়ের হ্যাট্রিকের বিষয়ে আশাবাদী দুই প্রার্থীই। অন্যদিকে শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিলেন বিজেপির সমতলের তিন আসনের প্রার্থী। মিছিলে গেরুয়া আবিরের শোভা দেখা যায় । মিছিলে যোগ দিয়েছেন মতুয়াদের একটা অংশও। বাদ্যযন্ত্র নিয়ে হাজির হয়েছেন তাঁরাও। মনোনয়ন জমা দিয়েছেন শিলিগুড়ির প্রার্থী শঙ্কর ঘোষ, মাটিগাড়া-নকশালবাড়িতে আনন্দময় বর্মন এবং ফাঁসিদেওয়ার দুর্গা মূর্মূ। সাংসদ রাজু বিস্তা জানিয়েছেন, “সমতলের তিন আসনেই জয়ী হবে বিজেপির তিন প্রার্থী। সাধারণ মানুষের আশীর্বাদ সঙ্গে রয়েছে। বাংলায় প্রকৃত উন্নয়ন হবে বিজেপি এলে।”

মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূলের দুই প্রার্থীও। শিলিগুড়ির ওমপ্রকাশ মিশ্র এবং ফাঁসিদেওয়ায় ছোটন কিস্কু। তৃণমূল কর্মীরা “খেলা হবে” লেখা টি শার্ট পড়ে উপস্থিত হন। মাদল বাজালেন প্রার্থী নিজেও। শিলিগুড়ির তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র জানিয়েছেন, “গত লোকসভা নির্বাচনে সিপিএম ভোট সাপ্লাই করেছিল গেরুয়া শিবিরকে। এবার প্রার্থী সাপ্লাই দিয়েছে। লড়াই প্রতিপক্ষ সকলের সঙ্গেই। গোটা রাজ্যের মতো শিলিগুড়িতেও জয়ী হবে তৃণমূল প্রার্থী। ঝড় উঠেছে।” মনোনয়ন জমা দেননি মাটিগাড়া-নকশালবাড়ির প্রার্থী ক্যাপ্টেন নলিনী রঞ্জন রায়। শেষ বেলায় প্রার্থী বদল হওয়ার সম্ভাবনা। ফাঁসিদেওয়ায় নির্দল হিসেবে মনোনয়ন জমা দিলেন বিক্ষুব্ধ বিজেপি প্রার্থী দিলা শৈব্য।

খবরটি ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment