dooarsBreaking News Enviornment 

লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: টানা বৃষ্টিতে ডুয়ার্সের আংরাভাসা নদীতে তীব্র ভাঙন। নদীগর্ভে বিলীন গয়েরকাটা চা বাগানের একটা অংশ। পাশাপাশি জ্যোতির্ময় কলোনি এলাকাতেও জল ঢুকতে শুরু করেছে। অন্যদিকে জলপাইগুড়ির বানারহাটেও ব্যাপক বৃষ্টি। স্থানীয় সূত্রের খবর, ভুটান থেকে জল ছাড়ায় জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় জারি হল সতর্কতা।

আবার হাতিনালার জল ঢুকে বিন্নাগুড়ি, তেলিপাড়া চা বাগান প্লাবিত হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ধূপগুড়িতে এশিয়ান হাইওয়ে অবরোধ করে তৃণমূল কর্মীরা, এমনটা জানা গিয়েছে। জলপাইগুড়ির জেলাশাসক অভিষেক তিওয়ারি জানিয়েছেন, এলাকায় অস্থায়ী বাঁধ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। দুর্গতদের উদ্ধারের কাজ চলছে।

সেচ দফতর সূত্রে জানা যায়, তিস্তা ব্যারেজ থেকে ৩ হাজার ৬৮৪ কিউসেক জল ছাড়া হয়েছে। এর ফলে তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল ও সংরক্ষিত এলাকায় হলুদ সঙ্কেত জারি হয়েছে। অন্যদিকে, প্রবল বৃষ্টিতে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথ রোহিণী রোডে ধস নামে। বন্ধ হয়ে পড়ে যান চলাচল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রের আরও খবর, মালদা শহরে বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে মহানন্দা নদী। জলমগ্ন হয়ে পড়েছে ইংরেজবাজার পুরসভার কয়েকটি ওয়ার্ড। উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির জেরে বিপদসীমায় মহানন্দার জল। জলমগ্ন ইংরেজবাজার পুরসভার ৮, ৯, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ড। মালদা পুর এলাকায় লকডাউন আবহে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েছেন কয়েকশো পরিবার।

Related posts

Leave a Comment