পায়োরিয়ার ঘরোয়া ওষুধ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পায়োরিয়ার সমস্যায় ভুগতে দেখা যায় অনেক মানুষকে। সঠিক সময়ে এর চিকিৎসা হলে নিরাময় করা সম্ভব। এই রোগে ভেষজ চিকিৎসাও রয়েছে। এক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, দাঁতের ঠিকমতো যত্ন না নিলে এই রোগ হতে পারে। এই রোগের কারণে মুখে দুর্গন্ধ হওয়াটাই স্বাভাবিক। যথাসময়ে চিকিৎসা না করালে এ থেকে মুখের নানাবিধ রোগ হতে পারে। এ বিষয়ে ভেষজ চিকিৎসকদের পরামর্শ- শুকনো পুঁই শাকের ডাটা ও পেয়ারা পাতা সমানভাগে পুড়িয়ে নিয়ে সেই ছাই ও পরিমাণ মতো খুঁটের ছাই মিশিয়ে তাতে স্বল্প পরিমাণ নুন ও ফিটকিরি মিশিয়ে একটা শিশিতে রাখতে পারেন। এরপর তা দিয়ে দু-বেলা দাঁত মাজলে উপকার পাওয়া যাবে। এক্ষেত্রে মাড়ি ফোলা, ব্যথা হওয়া বা রক্ত পড়ার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। সহজ এই ঘরোয়া ওষুধ তৈরি করে ঘরেও রেখে দিতে পারেন। আবার চাকা খয়ের ও ফিটকিরি সমানভাগে গুঁড়ো করে মিশিয়ে দাঁত মাজলে উপকার মেলে। এতে সামান্য পরিমাণ নুন ও কর্পূর মিশিয়ে নিতে পারেন।

