FlagsOthers 

নজরকাড়া কেন্দ্র : হাবরা বিধানসভা

নজরকাড়া কেন্দ্র হাবরা। জমজমাট লড়াই। ভোটের উত্তাপ চরমে। কেন নজরকাড়া কেন্দ্র তা জানতে নজর রাখতে হবে এই প্রতিবেদনে। কারা ভোট যুদ্ধে সামিল দেখুন। হাবরা বিধানসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই হলেও মূলত টক্কর বিজেপি ও তৃণমূলের মধ্যেই। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূল প্রার্থী হয়েছেন ফের। বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল। বাম প্রার্থী হয়েছেন রিজুনন্দন বিশ্বাস। এবার বিজেপির জমি অনেকটাই শক্ত বলে মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা। তৃণমূল প্রার্থীর “ইমেজ” ইস্যু হয়ে দাঁড়িয়েছে ভোট ময়দানে। তাই অনেকটাই শক্ত জমিতে দাঁড়িয়ে বিজেপি শিবির,এমনটাই স্থানীয় রাজনৈতিক বিশেষজ্ঞদের মত। এবার চলে আসুন পরিসংখ্যানে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে স্বল্প ভোটের ব্যবধানে জয় পেয়েছিলেন তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। সেই ব্যবধান ছিল মাত্র ৩,৮৪১ ভোটের। এবার লড়াই আরও হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে তার আঁচ মিলছে গোটা হাবরা জুড়েই। এখানে ভোটের মূল ইস্যু কী কী একটু জেনে নেওয়া যাক। বিজেপি প্রচারে হাতিয়ার করছে দুর্নীতি।

“দুর্নীতিমুক্ত হাবরা”র বার্তা নিয়ে আসরে দেবদাস মণ্ডল। “জঙ্গলরাজ” শেষ করার আওয়াজ তুলেছেন তিনি। অন্যদিকে এসআইআর ইস্যুতে একটা অংশের মানুষের ক্ষোভ বেড়েছে। পাশাপাশি স্থানীয় মানুষের ক্ষোভ যশোর রোডের ভয়াবহ যানজট পরিস্থিতি নিয়ে। উড়ালপুলের প্রতিশ্রুতি ভেসে বেড়াচ্ছে স্থানীয় মহলে। রোজকার ভোগান্তিতে সাধারণ জনজীবন বিপর্যস্ত হচ্ছে বলে অভিযোগ। শাসক দল তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে,ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, ১০০ শয্যার হাসপাতাল,হকার্স মার্কেট, ইলেকট্রিক চুল্লি সহ জনমুখী প্রকল্পের সুবিধা পেয়েছেন স্থানীয় মানুষ। রাজনৈতিক পর্যবেক্ষকরা কোন দিকে যাবে হাওয়া,তা নিয়ে পর্যবেক্ষণ শুরু করেছেন। মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর সব সময়েই এই আসনটিতে। বাম ভোট কতটা প্রভাব ফেলতে পারে সেদিকে চোখ থাকবে। ঘাসফুল বনাম পদ্মফুলের ভোটযুদ্ধ যে জমজমাট তার স্পষ্ট ইঙ্গিত মিলছে। উন্নয়ন আর অসন্তোষ দুইয়ের টানাপোড়েনে শেষ হাসি কে হাসবে সেটাই এখন দেখার!

Related posts

Leave a Comment