স্কুল ইনস্পেক্টর পদে নিয়োগ প্রক্রিয়া আটকে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্কুল ইনস্পেক্টর পদে নিয়োগ থমকে। সূত্রের খবর, করোনা ও লকডাউন পর্বে স্কুল ইনস্পেক্টর (এসআই) পদে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। শিক্ষা দপ্তর সূত্রের খবর, মার্চের তৃতীয় সপ্তাহে এই পরীক্ষার ফল প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন। জানা যায়, ৩০০-র বেশি প্রার্থীর নামের প্যানেল তৈরি হয়ে পড়ে রয়েছে। এরপর সরকারি নিয়ম অনুযায়ী এইসব প্রার্থীদের মেডিক্যাল ও পুলিশ ভেরিফিকেশন করতে হয়। করোনার আবহে গত ৩ মাস লকডাউনে সব বন্ধ। তবে কবে ভেরিফিকেশনের কাজ শুরু করা সম্ভব হবে, সে ব্যাপারে নিশ্চিত নয় দপ্তরের কর্তা-ব্যক্তিরা। এরফলে চাকরি প্রার্থীদের ভাগ্য ঝুলে রয়েছে। সূত্রের আরও খবর, মেডিক্যাল ভেরিফিকেশনের জন্য প্রার্থীদের কলকাতা মেডিক্যাল কলেজে আসতে হবে। মেডিক্যাল বোর্ড সংশ্লিষ্ট প্রার্থীর শারীরিক পরীক্ষা করবে। সেই রিপোর্ট জমা পড়বে বিকাশ ভবনে। পাশাপাশি পুলিশ ভেরিফিকেশন করার পর তার রিপোর্টও দপ্তরে জমা পড়বে। এই দুই রিপোর্টের উপর ভিত্তি করেই চূড়ান্ত তালিকা তৈরি হবে। প্রার্থীদের নিয়োগপত্র পাঠানো হবে তারপরে।

