নদীর জলোচ্ছ্বাসে প্লাবিত দক্ষিণ ২৪ পরগনায় বেশ কিছু গ্রাম
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জল ঢুকে দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর, নামখানা ও পাথরপ্রতিমায় কৃষিজমি ক্ষতিগ্রস্ত হল। স্থানীয় সূত্রের খবর, ভরা কোটালের জেরে নদীতে জলোচ্ছ্বাস এবং প্রবল বর্ষণে নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে এলাকার বেশ কিছু গ্রাম। উপকূলবর্তী এলাকায় ক্ষতি হয়েছে বিঘার পর বিঘা চাষের জমির। যা নিয়ে উদ্বিগ্ন কৃষকরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় সব মিলিয়ে প্রায় ১ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাগর, নামখানা ও পাথরপ্রতিমা এলাকায় এই ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রের আরও খবর, সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হয়েছে সাগর ও নামখানার কৃষকরা। এই দুটি স্থানে ৪৫০ হেক্টর জমি জলে ডুবে যায়। পাশাপাশি পাথরপ্রতিমার ৬০ হেক্টর জমি জলের তলায় চলে যায়। এক্ষেত্রে বৃষ্টি না হওয়ায় ধীরগতিতে জমি থেকে জল নামছে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় আম্ফানে জেলার বিভিন্ন প্রান্তে চাষের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। পরিস্থিতি সামলে সবেমাত্র ঘুরে দাঁড়াতে শুরু করে কৃষকরা। আবারও প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতির মুখে দাঁড়িয়েছে বহু কৃষক। প্রশাসন সূত্রে জানা যায়, ক্ষয়-ক্ষতির পরিমাণ ও মূল্যায়ন এখনই করা সম্ভব হয়নি। প্রসঙ্গত, বাঁধ ভেঙে নদীর নোনা জল ঢুকলে কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়। তবে এবার বৃষ্টি কিছুটা রক্ষা করেছে বলে স্থানীয় সূত্রে জানানো হয়েছে। এক্ষেত্রে নোনা জলের সঙ্গে বৃষ্টির জল মিশে যাওয়ায় বড় ক্ষতির সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে।

