covaxinBreaking News Health 

মানব শরীরে করোনা টিকার প্রথম দফার পরীক্ষার ফল সন্তোষজনক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মানব শরীরে করোনা ভ্যাকসিনের প্রথম পর্যায়ের পরীক্ষা শেষ। এবার শীঘ্রই দ্বিতীয় দফা পরীক্ষার কাজ শুরু হতে চলেছে। সূত্রের খবর, প্রথম দফার পরীক্ষার পর জানা গিয়েছে, সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে হায়দরাবাদের ভারত বায়োটেকের তৈরি করোনা টিকা কো-ভ্যাক্সিন সম্পূর্ণ নিরাপদ। যে স্বেচ্ছাসেবকের শরীরে তা প্রয়োগ করা হয়েছিল, তাঁদের কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি বলেও জানা যায়।

ভুবনেশ্বরের আইএমএস অ্যান্ড এসইউএম হাসপাতালে সূত্রে খবর, প্রথম দফায় প্রত্যেক স্বেচ্ছাসেবকের শরীরে ২ ডোজ করে টিকা প্রয়োগ করা হয়েছিল। এক্ষেত্রে টিকা প্রয়োগের পূর্বে ওইসব স্বেচ্ছাসেবকদের ৩ থেকে ৭ দিনের একটি স্ক্রিনিং প্রসেস করা হয়েছিল। প্রথম ডোজ টিকা প্রয়োগের পর নমুনা পরীক্ষার জন্য তাঁদের শরীর থেকে রক্ত সংগ্রহ করা হয়। এর ১৪ দিন পর দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজ। তারপর আবার রক্ত নেওয়া হয়েছে বলেও হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

এক্ষেত্রে স্বেচ্ছাসেবকদের শরীর থেকে সংগৃহীত রক্ত পরীক্ষা করে দেখা হয়েছে যে, তাঁদের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরিতে কো-ভ্যাক্সিন কতটা সক্রিয় ভূমিকা নিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রথম ধাপের পরীক্ষার পর স্বেচ্ছাসেবকরা সম্পূর্ণরূপে সুস্থ। পাশাপাশি কারও শরীরে কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি।

উল্লেখ্য, ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ দেশের মোট ১২টি চিকিৎসা কেন্দ্রে এই করোনা টিকার মানব শরীরে পরীক্ষা চালিয়েছে। যারমধ্যে আইএমএস অ্যান্ড এসইউএম হাসপাতাল অন্যতম। হাসপাতাল সূত্রে আরও খবর, টিকা প্রয়োগের ২৮, ৪২, ১০৪ এবং ১৯৪ দিনের মাথায় স্বেচ্ছাসেবকদের রক্ত নিয়ে টিকার কার্যকারিতা প্রয়োগ করে দেখা হবে।

আরও জানা গিয়েছে, দেশীয় এই টিকার দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় অংশ নিতে মানুষের মধ্যে উৎসাহ নজরে পড়েছে। যাঁরা এই পরীক্ষায় অংশ নিতে চান তাঁদের http://ptctu.soa.ac.in ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে।

Related posts

Leave a Comment