Nasal GelHealth Others 

নাকেই করোনা নিষ্ক্রিয় করতে বাজারে আসছে বিশেষ জেল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা ভাইরাস রুখতে এবার বাজারে আসছে বিশেষ ধরনের জেল। জানা গিয়েছে, বাইরে বেরনোর আগে বিশেষ উপায়ে তৈরি ওই জেল নাকে লাগালেই হবে। করোনা জীবাণুকে নিষ্ক্রিয় করার কাজে তা সাহায্য করবে। ফলে কমবে গোষ্ঠী সংক্রমণের ঝুঁকিও। সূত্রের খবর, আগামী কয়েক মাসের মধ্যেই যাতে এই কর্মসূচির সফল বাস্তবায়ন ঘটানো যায়, সেই লক্ষ্যেই এগোচ্ছে কেন্দ্র। সুস্থতার হার বৃদ্ধি পেলেও দেশে করোনা আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতেই করোনা প্রতিরোধের লক্ষ্যে বিশেষ ‘ন্যাজাল জেল’ তৈরি করতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক।

সূত্রের আরও খবর, পাশাপাশি করোনা মোকাবিলার লক্ষ্যে পোর্টেবেল স্ক্যানার ও স্যানিটাইজেশন চেম্বারের বাণিজ্যিক ব্যবহার বৃদ্ধিরও সুপারিশ করেছে সংশ্লিষ্ট মন্ত্রক। মন্ত্রক সূত্রে খবর, এই পুরো কাজটি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের আওতায় থাকা টেকনোলজি ইনফর্মেশন, ফোরকাস্টিং অ্যান্ড অ্যাসেসমেন্ট কাউন্সিল (টিআইএফএসি)-র মাধ্যমে। জানা গিয়েছে, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (এসইআরবি) ও আইআইটি বোম্বের ডিপার্টমেন্ট অব বায়োসায়েন্সেস অ্যান্ড বায়ো-ইঞ্জিনিয়ারিংয়ের (ডিবিবি) যৌথ উদ্যোগে এই বিশেষ ন্যাজাল জেল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রক সূত্রে আরও খবর, করোনার আবহে শরীরে প্রবেশের একটি অন্যতম প্রধান মাধ্যম হল নাক। এই ন্যাজাল জেল কার্যত স্যানিটাইজারের মতো কাজ করবে। নাকে এই জেল ব্যবহার করলে করোনা পরিস্থিতিতে সংক্রমণ অনেকাংশেই প্রতিহত করা যাবে বলে বিশেষজ্ঞদের ধারণা। বিশেষ করে করোনা মোকাবিলায় সামনের সারিতে থাকা স্বাস্থ্যকর্মীদের জন্য এই ন্যাজাল জেল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মনে করা হচ্ছে।

Related posts

Leave a Comment