কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গরমে মরু-শহরকেও টেক্কা দিয়েছে কলকাতা। সূত্রের খবর, গরমের তাপদহে রাজস্থানের মরু এলাকার জয়সলমেরকেও টেক্কা দিয়েছে শহর কলকাতা। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার পারদ উঠেছে ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের থেকে যা ৫ ডিগ্রি বেশি। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, এ মরসুমে এখনও পর্যন্ত যা উষ্ণতম। এক্ষেত্রে উল্লেখ করা যায়, গত এক দশকের নিরিখে মার্চ মাসে এমন গরম দ্বিতীয়বার পড়ল।
ইতিপূর্বে ২০১৪ সালের ৩০ মার্চ ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, পুরুলিয়া, আসানসোল ও শ্রীনিকেতনকেও পিছনে ফেলেছে কলকাতা। ওই ৩টি এলাকাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৮.৩, ৩৮.৪ ও ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে প্রবল গরম পড়েছে। দুই শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৩ ও ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস। মার্চেই এমন গরমে নাস্তানাবুদ সাধারণ মানুষ।

