আজ বৈঠক তারকেশ্বর মন্দির খোলার বিষয়ে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : তারকেশ্বর মন্দির খোলা নিয়ে আজ বৈঠক। স্থানীয় সূত্রের খবর, তারকেশ্বর মন্দিরে কবে থেকে ভক্তরা প্রবেশ করতে পারবেন, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গিয়েছে, পুরোহিতমণ্ডলী, পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান, বিডিও এবং আধিকারিকদের নিয়ে এই বৈঠক করবেন তারকেশ্বর মঠের প্রধান দণ্ডীস্বামী সুরেশ্বর আশ্রম মোহন্ত মহারাজ। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে জন্য গত ১৭ মার্চ গাজন মেলা বন্ধের ঘোষণা করে মন্দির কর্তৃপক্ষ। ১৮ মার্চ গর্ভগৃহে পুণ্যার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারিও হয়। পরবর্তীতে ২৫ জুন মন্দির খোলার সিদ্ধান্ত গ্রহণ করে কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনার পর মন্দির লাগোয়া গ্রামগুলিতে করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর ২৬ জুন থেকে আবারও মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে মন্দির কর্তৃপক্ষ। এখন বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকে তাকিয়ে মন্দির কর্তৃপক্ষ। সূত্রের আরও খবর, মন্দিরের সঙ্গে যুক্ত রয়েছেন ১০৪ জন পুরোহিত, ৪৬৫ জন পরিদর্শক ও সহকারী পরিদর্শকরা। পাশাপাশি যুক্ত ব্যবসায়ী-সহ বহু পুণ্যার্থী।

