পাবজিকে পিছনে ফেলে সামনে আসতে চলেছে ফৌজি
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে দেশে পাবজি ব্যান হওয়ার পর মোবাইল গেম প্রেমীরা কার্যত ভেঙে পড়েছিলেন। এবার তাঁদের জন্য সুখবর। জানা গিয়েছে, দেশীয় অ্যাকশনে ভরপুর গেম প্রকাশ পেতে চলেছে ভারতে। সূত্রের খবর, এবার মোবাইল প্ল্যাটফর্মে আসছে ‘FAU-G’ বা ফৌজি। বলিউড অভিনেতা অক্ষয় কুমারের তত্ত্বাবধানে তৈরি এই মাল্টি প্লেয়ার অ্যাকশন গেমের নাম রাখা হয়েছে ফৌজি। যার পুরো নাম – ‘ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড গার্ডস’।
সূত্রের আরও খবর, বেঙ্গালুরুর একটি কোম্পানি শীঘ্রই এই নতুন গেম বাজারে আনতে চলেছে। উল্লেখ্য, জাতির উদ্দেশে এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘আত্মনির্ভর ভারত’ অভিযানের ডাক দিয়েছিলেন। মূলত সেই কথা মাথায় রেখেই এই নতুন মাল্টি-প্লেয়ার গেম প্রকাশ করা হচ্ছে।
জানা গিয়েছে, ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনী যে সব অভিযানে অংশ নিয়েছে, তার বাস্তবিক চ্যালেঞ্জকেই এই গেমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। পাশাপাশি ভারতীয় সেনা যেভাবে দেশীয় ও আন্তর্জাতিক সব ধরনের বিপদের সম্মুখীন হয়ে মোকাবিলা করে, তারও রোমাঞ্চ পাওয়া যাবে এই গেমে।

সংস্থা সূত্রে খবর, এই গেম থেকে যা মুনাফা হবে, তার ২০ শতাংশ প্রদান করা হবে ‘ভারত কি বীর ট্রাস্ট’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তহবিলে। জানা গিয়েছে, এই সংগঠনটি ভারতের বীর সেনাজওয়ানদের শ্রদ্ধা ও তাঁদের পরিবারকে বিভিন্ন সহায়তা করে থাকে।
সংস্থা সূত্রে আরও খবর, অক্টোবর মাসের শেষের দিকে মুক্তি পাবে এই গেমের প্রথম ধাপ। মূলত গালওয়ান উপত্যকার পটভূমির ওপর ভিত্তি করেই প্রস্তুত করা হয়েছে গেমের প্রথম ধাপটি। গেমটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাবে বলেও সংস্থা সূত্রে জানা যায়।
অন্যদিকে অভিনেতা অক্ষয় কুমার জানিয়েছেন, ভারতের যুব সম্প্রদায়ের কাছে মোবাইল গেমিং একটা বিশেষ বিনোদনের মাধ্যম। আশা করি, ফৌজির মাধ্যমে খেলতে গিয়ে তাঁরা আমাদের বীর জওয়ানদের বলিদানকে উপলব্ধি ও স্মরণ করতে পারবে। পাশাপাশি শহীদদের পরিবারকে সহায়তায় সক্রিয় ভূমিকাও পালন করবে। সকলেই প্রধানমন্ত্রীর ‘আত্মনির্ভর ভারত’ অভিযানকে সফল করার উদ্যোগে এগিয়ে আসবেন বলেও তিনি আশা প্রকাশ করেছেন।

