এবার ভার্চুয়ালি পালিত হবে শিক্ষক দিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রাজ্যে চলছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক। সেকারণেই রাজ্য সরকার কর্তৃক আয়োজিত রবীন্দ্রসদনের শিক্ষক দিবস অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে খবর। তবে ভার্চুয়ালি দিনটি পালন করা হবে বলে জানা গিয়েছে।
পাশাপাশি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিকের চুক্তিভিত্তিক শিক্ষক সমিতির প্রতিনিধিদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাসভবনে শুভেচ্ছা বার্তা জানাতে যাওয়ার কথা। কুটাবের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ জানান যে, তাঁদের ফেসবুক পেজে শিক্ষামন্ত্রীকে তাঁর বক্তব্য রাখতে আমন্ত্রণ করা হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক কল্যাণ সরকার জানান, তাঁদের পে-স্কেল চালু ও ইনক্রিমেন্ট ছাড়াও স্থানীয়করণ-সহ নানা দাবিতে শিক্ষক দিবসেও বঞ্চিত শিক্ষকদের আন্দোলন চলছে।

