BRICSOthers 

ব্রিকসে ভারতের সাথে নিবিড়ভাবে কাজ করবে চীন

কাজকেরিয়র অনলাইন নিউজ ডেস্কঃ ভারত ২০২১ সালের জন্য ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) শীর্ষ সম্মেলন আয়োজন করতে চলেছে। ১৯ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দিল্লির সুষমা স্বরাজ ভবনে ব্রিকস সচিবালয়ে ভারতের ব্রিকস-২০২১ ওয়েবসাইট চালু করেছিলেন। চীন এই বছর ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনকে সমর্থন জানিয়েছে এবং বলেছে যে, উদীয়মান অর্থনীতির সাথে পাঁচটি দেশের গ্রুপকে শক্তিশালী করতে নয়াদিল্লির সাথে নিবিড়ভাবে কাজ করতে ইচ্ছুক।

ভারত ২০২১ সালের জন্য ব্রিকসের অধ্যক্ষের পদ গ্রহণ করেছে এবং এই বছরের সম্মেলনের আয়োজন করতে চলেছে। এই বছর ভারতকে ব্রিকসের সভাপতিত্বের বিষয়ে জিজ্ঞাসা করা এক প্রশ্নের জবাবে, চীনা পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, ‘নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই সম্মেলনকে বেইজিং সমর্থন করে’। তিনি বলেন, ‘ব্রিকস উদীয়মান অর্থনীতি এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে সহযোগিতার একটি মাধ্যম এবং এর বিশ্বব্যাপী প্রভাব রয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে এটি সংহতি এবং ব্যবহারিকভাবে সহযোগিতা বৃদ্ধি করেছে। ব্রিকস এখন আন্তর্জাতিক বিষয়ে একটি ইতিবাচক, স্থিতিশীল এবং সৃজনশীল শক্তি’।

ওয়েনবিন আরও বলেছেন, ‘চীন এই সংস্থাকে অত্যন্ত গুরুত্ব দেয়। সংগঠনের মধ্যে পারস্পরিক সংহতি ও সহযোগিতা বাড়াতে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে আমরা বদ্ধপরিকর। আমরা ভারত এবং অন্যান্য দেশের সাথে ক্রমবর্ধমান সংলাপ এবং সহযোগিতা সমর্থন করি’।

Related posts

Leave a Comment