এবার ভূগর্ভস্থ ও পানীয় জলের অপব্যবহারে হতে পারে শাস্তি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার ভূগর্ভস্থ ও পানীয় জলের অপব্যবহারে হবে শাস্তি। জানা গিয়েছে, এবার নজিরবিহীনভাবে ভূগর্ভস্থ ও পানীয় জলের অপব্যবহার শাস্তিযোগ্য বলে সিদ্ধান্ত গ্রহণ করল সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার অথরিটি বা সিজিডব্লিউএ। সূত্রের খবর, এই বিষয়ে পুর সংস্থাগুলিকে প্রয়োজন মতো নিয়ম-কানুন ও পরিকাঠামো তৈরির নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি। তাতে দোষী সাব্যস্ত হলে ৫ বছরের জেল ও ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
উল্লেখ্য, দেশের বহু জায়গায় পানীয় জলের কল খুলে রেখে ঘণ্টার পর ঘণ্টা মূল্যবান জল নষ্ট করা হয়। অথচ এমন অসংখ্য মানুষ রয়েছেন যাঁরা পরিশুদ্ধ পানীয় জলটুকুও পান না । এমত পরিস্থিতিতে ২০১৯ সালের ১৫ অক্টোবর ন্যাশনাল গ্রিন ট্রাইবুন্যালের নির্দেশ অনুসারে পরিবেশ (সুরক্ষা) আইনের ৫ নম্বর ধারায় নোটিশ জারি করেছে সিজিডব্লিইএ।
সিজিডব্লিউএ জানিয়েছে, জল বোর্ড বা জল নিগম, ওয়াটার ওয়ার্কস ডিপার্টমেন্ট, পুরসভা বা পঞ্চায়েত- সব কটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে জল সরবরাহ নিয়ে কাজ করা পুর সংস্থাগুলি নিশ্চিত করতে হবে যাতে তাদের এলাকায় পানীয় জল বা ভূগর্ভস্থ জলের কোনওরকম অপব্যবহার না হয়। তা হলে শাস্তিমূলক ব্যবস্থার পথ খোলা রাখতে হবে বলেও সংস্থার দাবি।

