বাদুড় নিধন হলে বাস্তুতন্ত্র ধ্বংস হবে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনাজনিত পরিস্থিতিতে বাদুড় নিয়ে বিতর্ক তুঙ্গে। আবার করোনা সংক্রমণের আবহে বাদুড় নিধন হচ্ছে বলেও খবর। সূত্রের খবর, বাদুড়ের দেহ থেকে করোনা সংক্রমণ, প্যাঙ্গোলিন বা অন্য কোনও পশু-পাখি থেকে সংক্রমিত হয়েছে- সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত প্রমাণ নেই। জানা গিয়েছে, অনেক জায়গায় গুজবের জেরেই শুরু হয়েছে বাদুড় মারা। অন্যদিকে এই হত্যা বন্ধ করার জন্য এশিয়ার ৬টি দেশের প্রায় ৬৪ জন বাদুড় বিশেষজ্ঞ, বিজ্ঞানী ও পরিবেশ আন্দোলনকারী একসঙ্গে আবেদন জানিয়েছেন। এক্ষেত্রে বলা হয়েছে, গুজবে কান দিয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করা উচিত নয়। বাদুড় শিকার, বাদুড়ের কোটরে বিষ মাখিয়ে রাখা, বাদুড়ের বাসা পুড়িয়ে দেওয়া, বাদুড়ের খাবারে বিষ মাখিয়ে রাখা প্রভৃতি চলছে বলেও অভিযোগ। এক্ষেত্রে বলা হয়েছে, জীববৈচিত্র নষ্ট করলে বাস্তুতন্ত্র ধ্বংসের পথে এগিয়ে যাবে।

