কলকাতায় বেসরকারি বাসে চালু হল “ত্রি-ধারা” সংরক্ষণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার বাসে ত্রিধারা আসন। সূত্রের খবর, সোমবার থেকে কলকাতায় বেসরকারি বাসে চালু হল ত্রিধারা আসন। জানা গিয়েছে, প্রধানত তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য চালু হয়েছে এই পরিষেবা। তারই নাম দেওয়া হয়েছে ত্রি-ধারা। কারণ এইসব মানুষদের মহিলাদের আসনে বসতে গেলে শুনতে হয় কটূক্তি। সাধারণ আসনে বসতে গেলে তাঁদেরকে মহিলাদের আসনে গিয়ে বসতে বলা হয়। এছাড়া বিভিন্ন কারণে বাসের মধ্যে তাঁদের হয়রানি হতে হয়।
তৃতীয় লিঙ্গের মানুষদের অভিযোগ, গণ পরিবহণে প্রত্যেকদিন এই ভাবেই বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হতে হচ্ছে। তাই এবার গণ পরিবহণের অন্যতম মাধ্যম হিসেবে বাসে যাঁরা যাতায়াত করেন তাঁদের জন্য আসন সংরক্ষণ করা হল বলে খবর। উল্লেখ্য, গত সপ্তাহেই বাস ইউনিয়ন সংগঠনের কাছে এই আসন সংরক্ষণের জন্য আবেদন জানানো হয়েছিল।
সংগঠন সূত্রে খবর, প্রাথমিক আলোচনা চলার পরে তৃতীয় লিঙ্গের মানুষের জন্যে আসন সংরক্ষণ করতে রাজি হয় ২০৫ ও ২০৫এ ইউনিয়নের সদস্যরা। সেই পরিপ্রেক্ষিতে এবার ওই রুটের মোট ৩৬টি বেসরকারি বাসে চালু হয়ে গেল ত্রিধারা আসন। এ প্রসঙ্গে বাস সংগঠনের বক্তব্য, ধীরে ধীরে সমস্ত বেসরকারি বাসেই এই ব্যবস্থা চালু করা হবে। আজ থেকে তাঁদের বাসে ত্রিধারা আসন চিহ্নিত করে দেওয়া হল বলে জানা গিয়েছে।
সংগঠন সূত্রে আরও খবর, এখন মোট ৩৬টি বাসে আপাতত এই ব্যবস্থা চালু থাকছে। এবিষয়ে কলকাতার প্যাডম্যান শোভন মুখোপাধ্যায় জানিয়েছেন, এই কাজ করতে পেরে আমরা খুব খুশি। রুপান্তরকামীরাও সমাজের অবিচ্ছিন্ন অঙ্গ। তাঁদের জন্যে বাসে আসন সংরক্ষণ করতে পেরে ভালো লাগছে। অন্যদিকে বাস মালিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসে এই ব্যবস্থা করতে পেরে তাঁরাও খুশি।

