এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান খুলছে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভূ-স্বর্গে বসন্তের পরশ। ২ বছর পর আবারও খুলছে এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান। বসন্তের স্পর্শ মেখে টিউলিপের দোলা লাগছে ভূ-স্বর্গে। ছন্দে ফিরছে আতঙ্কের উপত্যকা। মাঝে ২ বছরের বিরতি ছিল। সামনের মাসেই এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। উল্লেখ্য, গত বছর করোনা পর্বে বন্ধ ছিল বাগান।
বর্তমানে করোনার সংক্রমণ নিম্নমুখী। গ্রীষ্মের শুরুতেই পর্যটকদের জন্য ফের বাগান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বাড়ানো হচ্ছে গাছের সংখ্যাও। জানা গিয়েছে, এবছর বাগানে থাকবে ১৫ লক্ষের বেশি টিউলিপ। ২০১৯ সালের থেকে প্রায় ২ লক্ষ বেশি। পিছনে সুন্দরী জাবারওয়ান পাহাড়। অতি যত্নে লালিত-পালিত হচ্ছে টিউলিপের সারি। মাথা দোলাচ্ছে হাওয়ায়। ভূ-স্বর্গের এই নৈসর্গিক দৃশ্য উপভোগ করা যাবে। এখন উপত্যকায় বসন্তের শুভারম্ভ। সেই টিউলিপের স্পর্শ পেতে ছুটে যান পর্যটকরা। প্রতিবন্ধকতার সৃষ্টি হয় করোনা-পর্বে। এবছর ভূ-স্বর্গের শোভা বাড়ানোর জন্য ফের টিউলিপের চাদরে মুড়ে দেওয়া হচ্ছে ইন্দিরা গান্ধি মেমোরিয়াল গার্ডেন।

