ভোডাফোন-আইডিয়া একসূত্রে এবার ‘ভিআই’
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভোডাফোন-আইডিয়া একসূত্রে হল ‘ভিআই’। আদালতের রায়ে বকেয়া ফি নিয়ে পূর্বেই স্বস্তি পাওয়া গিয়েছে। সূত্রের খবর, এবার গ্রাহকদের কাছে নবরূপে আত্মপ্রকাশ ঘটল ভোডাফোন-আইডিয়ার। এক্ষেত্রে নাম দেওয়া হয়েছে– ‘ভিআই’। ভোডাফোন ও আইডিয়ার প্রথম দুটি অক্ষর নিয়েই এই নামকরণ। এ বিষয়ে ভোডাফোন-আইডিয়া লিমিটেড (ভিআইএল) সূত্রে জানানো হয়েছে, এখন থেকে সংস্থাকে ‘ভিআই’ নামে ডাকা হবে।
ভোডাফোন-আইডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ২ বছরেরও কম সময়ের মধ্যে বিশ্বের বৃহত্তম এই সংযুক্তিকরণ সম্ভব হয়েছে। আবার সংস্থা সূত্রে জানানো হয়েছে, দেশের এক নম্বর মোবাইল পরিষেবা সংস্থা হিসেবে আত্মপ্রকাশ ঘটবে ‘ভিআই’-র। উল্লেখ্য, ২ বছর পূর্বেই একত্রে মিশে যায় ভোডাফোন ও আইডিয়া। ওই সময় পথচলা শুরু হয় একটি কোম্পানি– ভোডাফোন-আইডিয়া লিমিটেডের। সূত্রের আরও খবর, দুই সংস্থার মোবাইল পরিষেবা আলাদাভাবেই চলছিল। এবার ‘ভিআই’ হিসেবে আত্মপ্রকাশ করল ব্রিটেন ও ভারতের এই যৌথ কোম্পানি। এটি টেলিকম ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম সংযুক্তিকরণ বলে মন্তব্যও করা হয়েছে।

