গাইঘাটায় গেরুয়া ও সবুজ ছেড়ে লাল ছাতার তলায় শতাধিক
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি, গাইঘাটা: সামনেই ২০২১ বিধানসভা নির্বাচন। করোনা পরিস্থিতিতে সবকটি রাজনৈতিক দলের প্রচারকার্য কিছুটা চাপা থাকলেও সাধারণ মানুষ বিষয়টিকে উপেক্ষা করে না। বাংলার বুকে দিয়ে বয়ে যাওয়া বিধ্বংসী ঘূর্ণিঝড় অম্ফানের তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন সুস্থ করার তাগিদে রাজ্য সরকার যে ক্ষতি পূরণ দিয়েছিল তা নিয়ে চারিদিকে হাজারও দুর্নীতির অভিযোগ উঠছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কারও পাকা বাড়ি, কলাপসিবল গেট থাকা সত্ত্বেও ক্ষতিপূরণের টাকা পেয়েছেন। আবার কারও বাড়িঘর ভেঙ্গে নিঃস্ব হয়ে গিয়েছেন, অথচ কোনও সাহায্যই পাননি, এইসকল বিষয় নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। অভিযোগের তীর রাজ্য সরকারের দিকেই। সূত্রের খবর, আমফানের ক্ষতিপূরণ নিয়ে রাজ্যের শাসক দল ও বিজেপি-র অলিখিত জোটবদ্ধ দুর্নীতির অভিযোগে উত্তাল সারা রাজ্য।

আজ সিপিআইএম গাইঘাটা পূর্ব লোকাল কমিটির অন্তর্গত দোগাছিয়া শাখায় প্রায় শতাধিক মানুষ বিজেপি ও তৃণমূল থেকে বামফ্রন্টে ফিরলেন। সিপিআইএমে ফেরা এক বিজেপি কর্মীর কথায়, তৃণমূলকে সরাতে বিজেপির উপর ভরসা রেখেছিলাম। কিন্তু দেখলাম, তৃণমূলের নেতারাই এখন বিজেপির নেতা। এই বিজেপি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়বে কীভাবে ?
এদিন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তন্ময় ভট্টাচার্য নতুন যোগদান করা মানুষদের হাতে লাল পতাকা তুলে দিয়েছেন। স্থানীয় ছাত্র যুব নেতৃত্ব ও পার্টির নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এক স্থানীয় যুব নেতৃত্ব জানিয়েছেন, ‘আম্ফান এর ক্ষতিপূরণ নিয়ে রাজ্য সরকারের দুর্নীতি ও বিজেপির সখ্যতার কারণেই তারা ওই দুই দল ছেড়ে লাল পতাকা হাতে তুলে নিয়েছেন, ভরসা রেখেছেন বামফ্রন্টে’।

