mp prosunOthers Sports 

কলকাতা ময়দানের নিয়মের বিরুদ্ধে সংসদের অন্দরে সরব প্রসূন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:ময়দান বন্ধের বিরুদ্ধে সংসদে সরব হলেন লোকসভার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানানো হয়েছে। সূত্রের খবর, ফি–বছর অক্টোবরের ১ থেকে ১৫ তারিখ কলকাতা ময়দানের ক্লাবগুলোর সমস্ত ক্ষেত্র বন্ধ করে দেয় সেনা বাহিনী। আলো জ্বালানো যায় না। এমনকী ক্লাবগুলো অনুশীলন পর্যন্ত করতে পারে না ময়দানে নিজেদের মাঠে। সূত্রের আরও খবর, কলকাতার পাশে ওই সময়টা অন্ধকারে ডুবে থাকে গোটা ময়দান এলাকা। সেই ব্রিটিশ জমানা থেকে এমনটা হয়ে আসছে। ময়দান অঞ্চলের ক্লাবগুলোতে আলো জ্বালা থেকে শুরু করে সাধারণ কাজকর্ম সবটাই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল ওই সময়। স্বাধীনতার পরেও সেই ধারা অব্যাহত রয়েছে। ময়দানের এই নিয়মের বিরুদ্ধে এবার সংসদে সরব হলেন প্রাক্তন ফুটবলার তথা সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত,ভারতীয় দলের জার্সি গায়ে খেলেছেন। পাশাপাশি কলকাতা ময়দানে মোহনবাগান ও মহমেডানের জার্সিতে দাপিয়ে ফুটবল খেলেছেন প্রসূন। লোকসভার সাংসদ হওয়ার পরও কলকাতা ময়দানকে মনে রেখেছেন এই প্রাক্তন ফুটবলার। লোকসভায় কলকাতার তিন প্রধানের হয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে এই নিয়ম প্রত‍্যাহারের আবেদন জানান অর্জুন পুরস্কার প্রাপ্ত এই সাংসদ ও প্রাক্তন ফুটবলার। লোকসভার জিরো আওয়ারে তিনি জানান, তিন বড় ক্লাবের প্রচুর সমর্থক রয়েছে। পৃথিবী জুড়ে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডানের সমর্থকরা ছড়িয়ে রয়েছেন। ১৯২২ সাল থেকে পরাধীন ভারতে ১–১৫ অক্টোবর পর্যন্ত ময়দানের কোনও তাঁবুর আলো জ্বালানো যেত না। দেশ স্বাধীন হয়েছে। তবে সেই নিয়মের আর বদল হয়নি। এক্ষেত্রে তাঁর আরও বক্তব্য, এই নিয়মের জন্য ক্লাবগুলোর অনেক সমস্যা হয়। আবেদন করছি তিন ক্লাবের জন্য এই নিয়ম আগামী দিনে তুলে নেওয়া হোক। মন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে এই আবেদন জানিয়েছেন তিনি। সংসদের অন্দরে সরব হওয়ার ঘটনায় কলকাতার তিন বড় ক্লাব ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডান ধন্যবাদ জানিয়েছে হাওড়া লোকসভার এই সাংসদকে।

Related posts

Leave a Comment