local train and wbOthers Travel 

লোকাল ট্রেন পরিষেবা চালু করা নিয়ে জোর তৎপরতা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:লোকাল ট্রেন চালু নিয়ে দ্রুত রাজ্যের সঙ্গে আলোচনায় উদ্যোগী রেল-কর্তৃপক্ষ। আগামী সপ্তাহে রেল-রাজ্য এই বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পুজোর আগেই কি চালু হতে পারে লোকাল ট্রেন,তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নও । জানা গিয়েছে, রাজ্যের সঙ্গে এই নিয়ে শীঘ্রই আলোচনা করতে চায় রেল। এক্ষেত্রে চিঠি দিয়ে রাজ্যকে দিনক্ষণ ঠিক করে আলোচনায় বসতে আহ্বান জানিয়েছে রেল।

প্রসঙ্গত,গত মাসে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, লোকাল ট্রেন চালু হলে আপত্তি নেই। রেলের পক্ষ থেকে অবশ্য জানানো হয়, রাজ্য আগে চিঠি দিয়ে বিষয়টি জানাক । এ ব্যাপারে রাজ্যের তৎকালীন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠিও দিয়েছিলেন। এরপর শুরু হয় রেল ও রাজ্যের আলোচনা। চালু হয়ে যায় মেট্রো পরিষেবা । লোকাল ট্রেনের ব্যাপারে পূর্ব রেলের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল। দক্ষিণ-পূর্ব রেল ও মেট্রো রেল একসঙ্গে আলোচনায় বসতে চেয়েছে বলেও জানা যায় । মেট্রো রেলের সাথে পরিষেবা চালু নিয়ে আলোচনা হওয়ার পর রেল ও রাজ্যের যৌথ আলোচনায় মেট্রো পরিষেবা নিয়ে জটিলতা দূর হয় । গত ১৪ সেপ্টেম্বর থেকে চালু হয়েছে মেট্রো রেল পরিষেবা। এবার চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে লোকাল ট্রেনের।

অন্যদিকে দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে পূর্বেই জানিয়ে দেওয়া হয়, রেলের পক্ষ থেকে নিজেদের মতো করে তৎপরতা শুরু হয়েছে ।এক্ষেত্রে আরও বলা হয়েছে, মেট্রোতে যেমন ভিড় হয় তার চেয়ে অনেক বেশি ভিড় হয় লোকাল ট্রেনগুলিতে। শহর ও শহরতলির স্টেশনে প্রবেশ ও প্রস্থানের জন্য একাধিক গেট রয়েছে। এরফলে সামাজিক দূরত্ব মেনে যাত্রী নিয়ন্ত্রণ করা বেশ কঠিন কাজ ৷ এ ব্যাপারে রেল ও রাজ্য একসাথে আলোচনায় বসে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে স্টাফ স্পেশাল নিয়ে যে সমস্যা হচ্ছে তাতে উদ্বিগ্ন রেল কর্তৃপক্ষ। স্টাফ স্পেশালে বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে বলেও খবর।এবার লোকাল ট্রেন চালু করতে চেয়ে রাজ্যের সাথে আলোচনায় বসতে চাইছে রেল।

Related posts

Leave a Comment