দুর্গাপুজো নিয়ে গুরুত্বপূর্ণ জনস্বার্থ মামলায় রায় হাইকোর্টের

Durgapuja

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দুর্গাপুজো নিয়ে জনস্বার্থ মামলায় গুরুত্বপূর্ণ রায় কলকাতা হাইকোর্টের ৷ রাজ্যের ছোট-বড় সমস্ত পুজোমণ্ডপেই রাখতে হবে বাফার জোন ৷ মণ্ডপে শুধু পুজো উদ্যোক্তারাই ঢুকতে পারবেন ৷ একসঙ্গে ২৫ জনের বেশি উদ্যোক্তা মণ্ডপে থাকতে পারবেন না বলে রায়ে জানানো হয়েছে। পুজোর ভিড়ে করোনা সংক্রমণ ব্যাপক আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে। মাত্র ৩০ হাজার পুলিশ দিয়ে এই লক্ষ লক্ষ দর্শক নিয়ন্ত্রণ করা সম্ভব নয় ৷ তাই বিকল্প ব্যবস্থা স্বরূপ প্রত্যেক পুজো মণ্ডপকে কন্টেইনমেন্ট জোন হিসাবে গণ্য করা হবে ৷ মণ্ডপের বাইরে ঝোলাতে হবে ‘নো এন্ট্রি’ বোর্ড ৷

প্যান্ডেল রাখতে হবে দর্শকশূন্য ৷ সমস্ত মণ্ডপে রাখতে হবে বাফার জোন ৷ ছোট মণ্ডপ হলে তার ৫ মিটার এবং বড় মণ্ডপ হলে তার ১০ মিটার দূরত্ব নিয়ে তৈরি হবে এই বাফার জোন। আগে থেকে উদ্যোক্তাদের নামের তালিকা জমা দিতে হবে মণ্ডপের বাইরে তা টাঙাতে হবে ৷ সেই ব্যক্তিরাই শুধু মণ্ডপে ঢুকতে পারবেন ৷ যে ৩৪ হাজার কমিটি অনুদান নিয়েছেন তাঁদের প্রত্যেককে হলফনামাও জমা দিতে হবে জানা গিয়েছে ৷ পাশাপাশি বিচারপতির বেঞ্চ জানিয়েছে, রাস্তায় ভিড় নিয়ন্ত্রণে সচেতনতার বার্তা দিতে হবে প্রশাসনকে। রাজ্যের চিকিৎসকেরা পুজোয় ভিড় নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন ৷ চিঠি পাঠানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ৷ রাজ্যে পুজোর ভিড় নিয়ন্ত্রণে জনস্বার্থ মামলায় হাইকোর্টের ঐতিহাসিক রায়ে করোনাকালে দর্শকশূন্য হয়েই পাঁচদিন পুজো চলবে রাজ্যের সমস্ত পুজো মণ্ডপে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *