সিকিমে তুষারপাতের সম্ভাবনা : কলকাতায় শীত নিয়ে চর্চা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সিকিমে তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতায় জাঁকিয়ে শীত কবে পড়বে তা নিয়ে চর্চা চলছে।
আজ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়ছে জম্মু-কাশ্মীরে। এই পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে,এমনটাই জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় তাপমাত্রা নামার কোনও লক্ষণ নেই। আগামী এক সপ্তাহ একইরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। রাতে ও সকালে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লেই শীত উধাও হচ্ছে। কলকাতার পারদ ১৫ডিগ্রির নিচে নামার সম্ভাবনা এখন নেই বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হচ্ছে । আবার সিকিম ও তৎসংলগ্ন এলাকায় তুষারপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানানো হয়েছে।
সূত্রের খবর, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা জম্মু-কাশ্মীরে প্রবেশ করায় এর প্রভাবে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ, উত্তরপ্রদেশ, সিকিম ও অরুণাচলপ্রদেশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে জম্মু-কাশ্মীরে। দুটি পশ্চিমী ঝঞ্ঝার মাঝে সময় বেশি না থাকার জন্য তাপমাত্রা নামার সম্ভাবনা কম,এমনটা জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তর সূত্রে আরও খবর, কলকাতায় তাপমাত্রা সামান্য বেড়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এখন১৬.৫ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বেড়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা ১৭থেকে ১৮ ডিগ্রীর ঘরেই ঘোরাফেরা করবে। মেঘমুক্ত আকাশ হলেও পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাধা পাবে উত্তুরে হাওয়া। তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড় বুরেভি- র প্রভাব তামিলনাডু ও কেরল উপকূলে পড়বে বলে জানা গিয়েছে।

