সম্পর্কের যবনিকা শুভেন্দু-র : হাতে লেখা পদত্যাগ পত্র জমা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: হাতে লেখা পদত্যাগ পত্র দিয়ে ২১ বছরের সম্পর্কের যবনিকা টানলেন শুভেন্দু অধিকারী। নিজের হাতে লেখা চিঠিই জমা করলেন তিনি। ২১ বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় শুভেন্দু অধিকারীর পথচলা শুরু হয়েছিল। আজ তা থেমে গেল। বিধায়ক হিসাবে শুভেন্দু পদত্যাগপত্র জমা দিলেন। সূত্রের খবর, শুভেন্দু যখন বিধানসভায় পৌঁছন, ওই সময় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ছিলেন না। তাঁর কাছে চিঠি দিতে পারেননি। চিঠি দিয়েছেন সচিবের হাতে। স্পিকারকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী লিখেছেন,” আমার শুভেচ্ছা গ্রহণ করুন। এখানে আমি বিধানসভার সদস্য হিসেবে ইস্তফাপত্র জমা দিতে চাইছি। অনুগ্রহ করে এই পদত্যাগপত্র গ্রহণের সব পদক্ষেপ গ্রহণ করুন। ইতি আপনার অনুগত, শুভেন্দু অধিকারী।”
উল্লেখ করা যায়,গত কয়েকদিন আগেই মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি। এরপর জল্পনা আরও বাড়ে। নন্দীগ্রামের বিধায়ক থেকেও ইস্তফা দেওয়ার বিষয়ে গুঞ্জন তৈরি হয়। বিধায়ক পদ থেকে পদত্যাগ করছেন তিনি। আজ বেলা সাড়ে ৩টে নাগাদ বিধানসভা পৌঁছন ওই নেতা । ই-মেলের মাধ্যমে বিধানসভার অধ্যক্ষের কাছে তাঁর পদত্যাগ পত্র পাঠিয়েছেন বলেও জানা গিয়েছে। অন্যদিকে ৩ দিনের উত্তরবঙ্গ সফরে কোচবিহারে জনসভা থেকে মুখ্যমন্ত্রীর মন্তব্য, “কেউ কেউ জোয়ারে আসে, ভাটায় চলে যায়। তাতে কিছু যায় আসে না। যারা প্রথম থেকে ছিল তারা আছে। তারাই লড়বে। জেনে রাখবেন, তারা চরিত্র বদল করতে পারে না। জামা কাপড় বদলানো যায়। কিন্তু আদর্শ বদলানো যায় না।” চলতি সপ্তাহের শেষেই বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু অধিকারী, এমনই পূর্বাভাস। সূত্রের আরও খবর, বৃহস্পতিবার দিল্লি যাবেন শুভেন্দু। বিজেপির সদর কার্যালয়ে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে। আগামী ১৯ ডিসেম্বর অমিত শাহ ফের আসতে চলেছেন বাংলায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একমঞ্চে দেখা যেতে পারে তাঁকে ।
দিল্লি থেকে ফেরার পর মেদিনীপুরেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে পারেন তিনি,এমন কথাও শোনা যাচ্ছে বিভিন্ন মহলে।

