অস্ট্রেলিয়ায় সবচেয়ে কম বয়সে অর্ধশতরানের নজির শুভমানের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে কমবয়সে অর্ধশতরান শুভমানের। সিডনি টেস্টের দ্বিতীয় দিনে তরুণ ক্রিকেটার শুভমান গিলের অর্ধশতরানের সুবাদে ৪৫ ওভারে ২ উইকেটে ৯৬ রান করেছে ভারত ৷ দলের সঙ্গে যোগ দেওয়া রোহিত শর্মা শুভমান গিলকে নিয়ে ইনিংস ওপেন করেন ৷ ৭৭ বলে ২৬ রান করেন রোহিত ৷ তিনি হেজেলউডের শিকার হন ৷ ওপেনার শুভমান শুরু থেকেই অসাধারণ ছিলেন ৷ তিনি ১০১ বলে ৫০ রান করেন ৷ ৮ টি চার মেরেছেন তিনি ৷
দিনের শেষে ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে ৷ পূজারা ৫৩ বলে ৯ রান করে অপরাজিত রয়েছেন। ৪০ বলে ৫ রান করেন রাহানে ৷ শুভমান গিলের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশেষজ্ঞরা। সূত্রের আরও খবর,২০ বছর ৪৪ দিনে রবি শাস্ত্রী ১৯৮২ সালে ইংল্যান্ডে অর্ধশতরান করেন ৷ ২০ বছর ১০৮ দিনে মাধব আপ্টে ইংল্যান্ডে ১৯৫২-৫৩ সালে অর্ধশতরান করেছিলেন। আবার পৃথ্বী শ ২০১৯-২০ সালে নিউজিল্যান্ডে ২০ বছর ১১২ দিনে এই সাফল্য পান। ২১ বছর ১২২ দিনে শুভমান গিল অস্ট্রেলিয়ার মাটিতে অর্ধশতরান করলেন ৷ অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে কম বয়সে অর্ধশতরান করার নজির গড়লেন শুভমান ৷

