Multani SoilHealth 

ত্বক পরিচর্যা এবং মুলতানি মাটি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : যুগ যুগ ধরে ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে মুলতানি মাটি। সঙ্গে চাই চন্দনের সামান্য পরশ। এক সময়ে মুলতানের খনিজ সমৃদ্ধ মাটি দেশ-বিদেশে রফতানি করা হত। এই মাটির নানা গুণ রয়েছে। ব্যবহারের ক্ষেত্রেও বিশেষ কার্যকরী। জানা গিয়েছে, পাকিস্তানের ওই অঞ্চলের মাটির পরশে ঝলমল করত বেগমদের শরীর। সৌন্দর্য চর্চার ক্ষেত্রে প্রাচীনকাল থেকে বিশেষ জায়গা করে নিয়েছে মুলতানি মাটি। এর সঙ্গে চন্দন মিশিয়ে সেই রূপটানের কথা বহু রমণীর জানা।

উল্লেখ করা যায়, মুলতানি মাটি প্রাকৃতিক খনিজে ভরপুর। অ্যালুমিনিয়াম সিলিকেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড সমৃদ্ধ এই মাটির স্বাভাবিক ক্ষমতা রয়েছে ধুলোময়লা পরিষ্কার করার। এছাড়া অতিরিক্ত তেল শোষণ করে নেওয়ার ক্ষমতাও রয়েছে। এক্ষেত্রে কোনও কেমিক্যালের ব্যবহার ছাড়াই প্রাকৃতিক উপায়ে ত্বক ও চুল পরিষ্কার রাখতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে। তৈলাক্ত ভাব দূর করার জন্য মুলতানি মাটির ব্যবহার খুবই উপকারী।

এক্ষেত্রে বিশেষজ্ঞদের মত, যাঁদের ত্বক তৈলাক্ত তাঁদের প্রতিদিন স্কিনকেয়ার রুটিনে মুলতানি মাটি রাখা জরুরি। আবার মুলতানি মাটি দই বা গোলাপজলে গুলে নিয়ে স্নানের ১৫ মিনিট আগে লাগিয়ে নিলে ত্বকের সুরক্ষা ও সৌন্দর্য্য বাড়ে। সপ্তাহে দু’বার করে এটি করা যেতে পারে। এর ফলে ত্বকে নি:সৃত হওয়া অতিরিক্ত সেবাম থেকে মুক্তি পাওয়া যাবে। পাশাপাশি ওপেন পোরাস ও ব্ল্যাকহেডসের সমস্যা দূর হবে।
অন্যদিকে বলা হয়েছে, কম্বিনেশন ত্বকের ক্ষেত্রে মুলতানি মাটির প্যাক তৈরি করা যেতে পারে সামান্য হলুদ, দুধ আর মধু মিশিয়ে। আবার ব্রণ বা অ্যাকনেযুক্ত ত্বকের যত্নে মুলতানি মাটি আর চন্দন বাটার বিশেষ প্যাক মুহূর্তের মধ্যে কাজ করে।

ত্বকের পাশাপাশি চুল পরিষ্কার রাখার ক্ষেত্রে মুলতানি মাটি দারুন উপকারী। চুল ও স্ক্যাল্পের চিটচিটে ভাব দূর করার জন্য নারকেল তেলের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে হেয়ার প্যাক হিসাবে ব্যবহার করা যেতে পারে শ্যাম্পু করার আগে। মুলতানি মাটির সঙ্গে চন্দন মিশিয়ে ব্যবহার করলে ত্বকের পক্ষে খুবই উপকারী ফল পাওয়া যায়। মুলতানি মাটি ও চন্দন দু’টি গুঁড়োই স্থানীয় বাজারে কিনতে পাওয়া যায়। বাড়িতে বেটে নিয়েও তা মেশাতে পারেন। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, মুলতানি মাটি ব্যবহারের পরে ত্বকে ময়শ্চারাইজার লাগাতে হবে। মাটি সাময়িক ভাবে ত্বকে টানভাব তৈরি করে। ময়শ্চারাইজার এই টানভাব দূর করতে সাহায্য করে থাকে।

Related posts

Leave a Comment