Digha-1Others 

বৃষ্টি-ঝোড়ো হাওয়ায় বিপত্তি উপকূলে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নিম্নচাপে আবারও বেসামাল উপকূল। আবহাওয়া প্রতিকূল হওয়ায় নাকাল পর্যটকেরা। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত এলাকা। দিঘায় পা রাখার পর কার্যত হোটেল-বন্দি হয়ে পড়েছেন পর্যটকরা। সৈকতে যাওয়া সব পর্যটকেরই এক অবস্থা। স্থানীয় সূত্রের খবর, প্রশাসনের সতর্কতা ও কড়া নজরদারি রয়েছে। সমুদ্র-স্নানও বন্ধ। বৃষ্টি আর বাতাসের প্রাবল্য বাড়তে থাকায় এই বিপত্তি।

টানা বৃষ্টির জেরে দিঘা স্টেশন সংলগ্ন রাস্তা জলের তলায়। একই অবস্থা মন্দারমণি, তাজপুর ও শঙ্করপুরে। স্থানীয় সূত্রের আরও খবর, পর্যটনের পাশাপাশি নিম্নচাপের বৃষ্টিতে উপকূলের জনজীবনও বিপর্যস্ত। বহু এলাকা প্লাবিত। ধান, পান, আনাজ ও সবজি চাষের ক্ষয়-ক্ষতি হয়েছে। পাশাপাশি জোয়ারের সময় পুবালি বাতাসের জেরে জলোচ্ছ্বাসে সমুদ্রের গা ঘেঁষে থাকা গ্রামগুলিতে জল ঢুকে পড়ে। নতুন করে ক্ষতি হয়েছে তাজপুর থেকে শঙ্করপুর পর্যন্ত মেরিন ড্রাইভের। উল্লেখ করা যায়, গত ২৬ মে ঘূর্ণিঝড় ‘ইয়াসে’-র তাণ্ডবে বিধ্বস্ত হয় গোটা উপকূল। তা পুনর্গঠনের কাজ শুরু হলেও আবারও বিপত্তি।

Related posts

Leave a Comment