নিম্নচাপ উপকূলমুখী : ভারী বৃষ্টির সতর্কতা
নিম্নচাপ উপকূলমুখী। ভারী বৃষ্টির সতর্কতা জারি। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। আজ রাতেই এই নিম্নচাপ বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর । আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট , পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত । অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনমের পূর্ব ও দক্ষিণ-পূর্বের থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থান। গোপালপুর থেকে ১৫০ কিমি পুরী থেকে ২৩০ কিমি দূরে অবস্থান নিম্নচাপটির। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর,বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ১২ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। নিম্নচাপের অবস্থান বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী এলাকা। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির আশঙ্কা। ছয় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে তিন জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। ইতিমধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা ও মাঝারি বৃষ্টি হচ্ছে। উত্তাল হয়ে উঠছে সমুদ্র। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টি হবে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। প্রায় সব জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির ইঙ্গিত। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। হাওয়ার গতিবেগ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ার সম্ভাবনা। হাওড়া জেলাতে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি। দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস।
