পুজো-পার্বণের বিনোদন
বাঙালির পুজো আর উৎসব আসে আর মাতামাতি শুরু হয়। প্রতিমা নিরঞ্জনেও জোরদার আয়োজন চলে। পুজো-পার্বণ যা কিছুই হোক না কেন,বাঙালির বিনোদনের পর্বটা সীমিত নয়। এখনকার সময়ে দেখা যায়, বাংলায় জেলার প্রান্তে প্রান্তে ভোজপুরী গান চলছে উচ্চস্বরে। সেই গানকে সম্মান করেই বলছি-এই বিষয়টার প্রতি একটু দয়া করে নজর দিয়ে দেখুন। আপনার মনে হতেই পারে যেন, আমাদের পশ্চিমবঙ্গে বাংলা গানের অভাব দেখা দিয়েছে। অত্যন্ত অবাক হয়েই দেখতে হয়, শিশু-কিশোর সহ বাচ্চাগুলো কেউ আর বাংলা গান শোনে না বা জানে না, সব ভোজপুরী গানে মত্ত থাকে। ডিজের উন্মত্ত আওয়াজে সবাই নাকাল হন। ঠিক এমনি করেই মোবাইলের প্রতি আসক্তি তৈরি হচ্ছে শিশু-কিশোরদের। মারাত্মকভাবে মোবাইলের প্রতি আসক্তি বিপদ ডেকে আনছে জীবনে। সমাজের এই অবক্ষয় দেখতে হচ্ছে প্রতিদিন। এক্ষেত্রে পিতা-মাতা ও অভিভাবকদের সমান দায়িত্ব নিতে হবে সংসার ও সমাজ বাঁচানোর তাগিদে। এ বিষয়ে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। তবে সরকার থেকে কিছু নিয়ম বলবৎ করাটা খুবই জরুরী হয়ে পড়েছে সমাজের জন্য।

