করোনা মোকাবিলায় রামকৃষ্ণ মঠ ও মিশন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা সংক্রমণজনিত ত্রাণে এখনও অবধি ৮ কোটি টাকার বেশি খরচ করেছে রামকৃষ্ণ মঠ ও মিশন। এক বিবৃতিতে ওই তথ্য তুলে ধরেছেন সঙ্ঘের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ। এ বিষয়ে তিনি জানিয়েছেন, বেলুড় মঠের প্রধান কার্যালয় এবং ১৩টি শাখা কেন্দ্র ডিসপ্লে বোর্ড, পোস্টার ও লিফলেটের মাধ্যমে সচেতনতার প্রচার চালিয়েছে। ২৭টি শাখা কেন্দ্রের মাধ্যমে ৩ লক্ষ মানুষকে রান্না করা খাবার দেওয়া হয়েছে। ১৩৮টি শাখা কেন্দ্র থেকে ১ লক্ষেরও বেশি মানুষকে শুকনো খাবার, মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়েছে। আবার রাজ্য সরকারের সহায়তায় রাঁচি, বারাণসী, বৃন্দাবন ও দক্ষিণ কলকাতা-সহ মিশনের ৭টি হাসপাতালে আইসোলেশন উইং তৈরি হয়েছে। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাম্বিয়ার কেন্দ্রগুলি থেকেও ত্রাণের কাজ করা হচ্ছে।

