ভারতকে সহায়তা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিপর্যস্ত পরিস্থিতির মোকাবিলায় ভারতকে প্রায় ১৬ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি)। সূত্রের খবর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে এমনই আশ্বাস দিয়েছেন এডিবি-র প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া। ভারতের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আসাকাওয়া। এডিবি-র প্রেসিডেন্ট জানিয়েছেন, ভারত স্বাস্থ্য ক্ষেত্রে জাতীয় জরুরি অবস্থা জারি করেছে। ব্যবসায়ীদের জন্য কর ও অন্যান্য ছাড় ঘোষণা করা হয়েছে। ৩ সপ্তাহের লকডাউনের জেরে ক্ষতিগ্রস্ত গরিব, মহিলা ও কর্মীদের জন্য ১.৭ লক্ষ কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই অবস্থায় ভারতের পাশে দাঁড়াতে এডিবি-র এই আর্থিক সহায়তা। এ প্রসঙ্গে আসাকাওয়ার বক্তব্য, বিপর্যস্ত পরিস্থিতির প্রকোপে গরিব, অসংগঠিত ক্ষেত্র এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলির উপর বিরূপ প্রভাব পড়েছে। এর সঙ্গে স্বাস্থ্য ক্ষেত্রের জরুরি প্রয়োজন মেটাতে আমরা ভারতকে ২২০ কোটি ডলার সহায়তা দেওয়ার কথা ভাবছি।

