সকালের জলখাবারের বিষয়ে আয়ুর্বেদিক পরামর্শ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কথায় বলে খালি পেটে জল আর ভরা পেটে ফল। প্রাচীন আমল থেকেই মা-ঠাকুমারা এমনটাই বলে আসছেন। তবে অনেক মানুষই সকালের জলখাবারে ফল খেতে পছন্দ করেন খালি পেটেই। আয়ুর্বেদিক চিকিৎসকরা এ বিষয়ে জানিয়েছেন, এমনটা করা উচিত নয়। এক্ষেত্রে তাঁদের বক্তব্য, সকালের দিকে খালি পেটে ফল খাওয়া একে বারেই উচিত নয়।
একটু বিশদে আয়ুর্বেদ চিকিৎসকরা আরও জানিয়েছেন, কোনও ফল মিষ্টি। আবার কোনও ফল টক ও কষা স্বাদের। বেশিরভাগ ফলই ঠান্ডা প্রকৃতির। এতে কার্বোহাইড্রেট থাকে। যা দ্রুত হজম হতে সাহায্য করে। তবে ফলেরও অনেক গুণ রয়েছে। যা খালি পেটে খেলে কফ দোষকে বাড়িয়ে তুলতে পারে।
আয়ুর্বেদিক চিকিৎসকরা এক্ষেত্রে আরও বলেছেন, সকালে উষ্ণ এবং সহজপাচ্য জলখাবারই স্বাস্থ্যের পক্ষে ভালো। যেমন-প্রোটিন সমৃদ্ধ রান্না করা শস্য, জিরের মতো সহজপাচ্য মশলা দিয়ে তৈরি ডালিয়া অথবা এক গ্লাস গরম দুধের সঙ্গে স্বল্প আদা খাওয়া ভালো। এরফলে পেট ভর্তি থাকবে এবং সহজে হজমও হবে।
অনেকেই আছেন সকালের জলখাবারে ফল খেতে ভালো বাসেন। অনেকেই রয়েছেন যাঁদের সকালের জলখাবারে ফল না থাকলে অসম্পূর্ণ মনে হয়। এমন অভ্যাস তৈরি হয়ে গেলে আয়ুর্বেদিক চিকিৎসকরা বলছেন, ফলের সঙ্গে সামান্য দারচিনি বা শুকনো আদা মিশিয়ে খাওয়া যেতে পারে। তবে গরমকালে সকালে ফল খাওয়াই যায়।

