রুপোলি ফসলের ভাগ দিতে চলেছে বাংলাদেশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এক মাসের মধ্যেই দেড় হাজার টন পদ্মার ইলিশ আসতে চলেছে পশ্চিমবঙ্গে। এবার পদ্মা নদীতে ব্যাপকভাবে মিলছে ইলিশ। পাশাপাশি কর্ণফুলীতে দেখা মিলছে এই রুপোলি ফসলের। আবার ভোলা, চাঁদপুর ও শরিয়তপুরের নদীগুলিতেও এখন ইলিশের ঝাঁক। এবার পর্যাপ্ত এই রুপোলি ফসলের ভাগ দিতে চলেছে বাংলাদেশ সরকার। পুজোর পূর্বেই এপার বাংলার রান্নাঘরে পৌঁছে যাবে প্রায় দেড় হাজার টন পদ্মা ও কর্ণফুলীর ইলিশ। উল্লেখ্য, ৭ বছরে তিস্তা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক জলঘোলা হয়েছে। জলবন্টন চুক্তির বোঝাপড়ার ক্ষেত্রে জট কাটেনি। পরবর্তীতে পদ্মার ইলিশও পৌঁছায়নি এপার বাংলায়। উল্লেখ করা যায়, গত মরশুমে কেবলমাত্র ৫০০ টন ইলিশ পৌঁছেছিল পশ্চিমবঙ্গে।
এবার বাংলাদেশ ইলিশ ভরপুর। তার একটা বড় অংশই রাজ্যে পাঠাতে রাজি শেখ হাসিনা সরকার। বাংলাদেশ সূত্রের খবর, আগামী এক মাসের মধ্যে পর্যায়ক্রমে প্রবেশ করবে প্রায় ১৫ লক্ষ কেজি ইলিশ। ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ এবং হাওড়া পাইকারি মাছ বাজারের পক্ষ থেকে জানানো হয়েছে, পদ্মার ইলিশের দর কত হবে, তা এখনই বলা সম্ভব নয়। গত বছরে যে মাছ আমদানি হয়েছিল, তার দর ঠিক করা হয়েছিল ওজন অনুযায়ী। সেক্ষেত্রে কেজি প্রতি ৬০০ থেকে ৭৫০ টাকা দাম রাখা হয়। তবে তা ছিল পাইকারি দর। এ বছর বাংলাদেশের রপ্তানিকারী সংস্থাগুলির সঙ্গে এদেশের আমদানিকারী সংস্থাগুলির চুক্তির উপর নির্ভর করবে দামের বিষয়টি। এক্ষেত্রে ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের বক্তব্য, আমদানির জন্য এক মাস সময় নির্ধারিত করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে ১৪ লক্ষ ৫০ হাজার কেজি ইলিশ চলে আসবে বলে মনে করা হচ্ছে।

