Banyan TreeOthers 

বাস্তুতন্ত্র বাঁচাতে আসরে উলুবেড়িয়ার মাধবপুর পরিবেশ চেতনা সমিতি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারতের জাতীয়বৃক্ষ বট। তা বাস্তুতন্ত্রের ধারকও। বর্তমানে বিপর্যস্ত বাস্তুতন্ত্র। এবার বাস্তুতন্ত্র বাঁচাতে এগিয়ে এল উলুবেড়িয়ার মাধবপুর পরিবেশ চেতনা সমিতি। স্থানীয় সূত্রের খবর, সমিতির সদস্যরা দামোদরের তীরে প্রাচীন কয়েকটি বটগাছকে বাঁচাতে ঝুরি সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছেন। এ বিষয়ে গুরুত্ব বুঝে অনেকেই এগিয়ে এসেছেন। এই কাজে মিলেছে সাফল্যও। স্থানীয় সূত্রের আরও খবর, উলুবেড়িয়া-১ নম্বর ব্লকের চণ্ডীপুর পঞ্চায়েতের দামোদর নদীর তীরে অবস্থিত মাধবপুর। ওই গ্রামের নদীর পাড়ে চারিদিকে ডালপালা আর ঝুরি বিছিয়ে বেশ কয়েকটি প্রাচীন বটগাছ দাঁড়িয়ে।

এক অংশের মানুষের অজ্ঞতায় ক্ষতির মুখে পড়ে গাছগুলি। শীতকালে বনভোজনের সময় বটগাছের নিচে রান্না করার হিড়িকে আগুনের তাপে নষ্ট হয়ে পড়ছিল গাছের ঝুরি। এক্ষেত্রে গাছের বৃদ্ধিও নষ্ট হচ্ছিল। সেইসব বটগাছকে রক্ষা করার জন্য গ্রামের মানুষদের নিয়ে গঠন হয় মাধবপুর পরিবেশ চেতনা সমিতি। এরপরই বটের ঝুরি সংরক্ষণে আসরে নামে সমিতির সদস্যরা। এ বিষয়ে জানা গিয়েছে, ঝুরি যাতে স্বাভাবিক নিয়মে মাটি পর্যন্ত নামতে পারে, তার জন্য প্রতিটি ঝুরিতে ফাঁপা বাঁশের আচ্ছাদন পরানো হয়েছে। ভাল ফল পাওয়ায় পুরোদমে বটের ঝুরি সংরক্ষণে হাত দিয়েছেন সমিতির সদস্যরা।

ফাঁপা বাঁশের বর্ম পরিয়ে বাস্তুতন্ত্র রক্ষার তাগিদ এখন বেড়েছে। মাধবপুর পরিবেশ চেতনা সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের জাতীয়বৃক্ষ বট একটি বাস্তুতন্ত্রের ধারক। বটগাছকে কেন্দ্র করে বিভিন্ন পশুপাখি ও কীটপতঙ্গ বেঁচে থাকে। মাটির ক্ষয়ও রোধ করে থাকে এই বৃক্ষ।

Related posts

Leave a Comment