১৩ সেপ্টেম্বর নীট পরীক্ষার্থীদের জন্য মিলবে মেট্রো পরিষেবা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নীট পরীক্ষার্থীদের জন্য খুশির খবর। এবার তাঁদের সুবিধার্থে ১৩ সেপ্টেম্বর চালানো হবে মেট্রো রেল। বুধবার এক প্রেস বিবৃতি দিয়ে তা জানিয়ে দিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ওই বিবৃতিতে জানানো হয়েছে, তবে ওইদিন সাধারণ যাত্রীরা মেট্রোয় চড়তে পারবেন না। কেবলমাত্র পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকেরা এই সুবিধা পাবেন। অন্যদিকে সাধারণ যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা চালু হবে ১৪ সেপ্টেম্বর থেকে।
মেট্রো রেল কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী আরও জানা যায়, ১৩ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে মেট্রো পরিষেবা চালু হবে এবং চলবে রাত ৭টা পর্যন্ত। এক্ষেত্রে বলা হয়েছে, নোয়াপাড়া এবং কবি সুভাষ দু’টি স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৭টায়। পাশাপাশি দিনভর মোট ৬৬টি রেক চালানোর পরিকল্পনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের। যারমধ্যে ৩৩টি ডাউন এবং ৩৩টি আপ লাইনের জন্য।
জানা গিয়েছে, পরীক্ষার্থীদের সুবিধার জন্য ১৫ মিনিট অন্তর এই মেট্রো পরিষেবা চলবে। অন্যদিকে এদিন কোনও টোকেন দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। প্রিন্টেড টিকিট ইস্যু করা হবে পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের জন্য। তবে সেই টিকিট পাওয়া যাবে কেবলমাত্র অ্যাডমিট কার্ড দেখানোর পরেই। মেট্রো সূত্রে খবর, প্রাথমিকভাবে পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড যাচাই করার পরই স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

