সেন্ট্রাল পার্কে বইমেলার প্রস্তুতি শুরু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সল্টলেকের সেন্ট্রাল পার্কে বইমেলার প্রস্তুতি শুরু হতে চলেছে। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড সূত্রে এমনটাই জানা গিয়েছে। এ বিষয়ে আরও জানা যায়, আগামী ২৮ ফেব্রুয়ারি বইমেলা শুরু হবে। গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় ও সভাপতি সুধাংশুশেখর দে এ প্রসঙ্গে জানিয়েছেন, করোনা-বিধি মেনে এবার বইমেলায় ৩৫ শতাংশ খোলা জায়গা বাড়িয়ে ছোট ছোট স্টল রাখা হবে। মেলায় স্টল আয়তনে ছোট হলেও প্রকাশকের সংখ্যা বাড়বে বলে গিল্ড জানিয়েছে। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড সূত্রে এক্ষেত্রে আরও জানা গিয়েছে, ২০ থেকে ২৫ জন নতুন প্রকাশক এবার বইমেলায় স্টল দেওয়ার সুযোগ পাবেন।

