bjp and tmc electionBreaking News Others Politics 

আসানসোল-বালিগঞ্জে জয়ে আশাবাদী দু-পক্ষই

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আসানসোল ও বালিগঞ্জে দুটি উপনির্বাচন রাজ্যে। ইতিমধ্যে প্রচার শেষ। কাল ভোটগ্রহণ। মূলত সংগঠনের ওপর ভরসা রেখেই আগামিকাল বিধানসভা ও লোকসভার দুটি উপনির্বাচন লড়ছে তৃণমূল কংগ্রেস। দুই কেন্দ্রেই তৃণমূলের দুই তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা ও বাবুল সুপ্রিয়। এই দুই মুখ একসময় বিজেপিতে ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বও সামলেছেন দু-জন ৷ বিজেপি ছেড়ে আসা এই দুই প্রার্থীকে তৃণমূলে দাঁড় করিয়ে বাজিমাত করতে চায় রাজ্যের শাসক দল।

রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষক সহ আমজনতার নজর থাকবে আগামিকাল শত্রুঘ্ন সিনহা ও বাবুল সুপ্রিয়-র এই দুটি কেন্দ্রে। তথ্য ও পরিসংখ্যানের নিরিখে আসানসোল লোকসভা আসনটিতে জয় আসেনি তৃণমূলের। বামেদের একছত্র জয়ের পর বিজেপি জয়ী হয়ে আসছে এই আসনটিতে। দোলা সেন ও মুনমুন সেনের মতো প্রার্থীরাও পরাজিত হয়েছেন এই আসনে। দু-বারই তৎকালীন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় জয়ী হয়েছেন। এবার উপনির্বাচনে মুখোমুখি লড়াইয়ে শত্রুঘ্ন সিনহা ও অগ্নিমিত্রা পল। বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী পার্থ মুখোপাধ্যায়।

আসানসোল লোকসভা আসনটিতে ২০১৪ ও ২০১৯ সালে পর পর দু-বার জিতে নিয়েছে বিজেপি। এই আসন রীতিমতো “প্রেস্টিজ ফাইট” বিজেপির কাছে। প্রথম থেকেই প্রচারে ঝাঁপিয়েছে বিজেপি নেতৃত্ব ৷ অগ্নিমিত্রা পলের হয়ে প্রচারে দেখা গিয়েছে বিজেপির শীর্ষ নেতাদেরও। অন্যদিকে তারকা তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা ভরসা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর শক্ত সংগঠনের ওপরেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,বাবুল সুপ্রিয়র দক্ষতার ওপর জয় এসেছিল সে-সময় বিজেপির। তাঁর প্রচার অন্য মাত্রা পেয়েছিল। এবারও আসানসোলে কী হয়, সেদিকে তাকিয়ে সবাই।

উল্লেখ করা যায়, এবার দল বদল করে বালিগঞ্জে তৃণমূলের প্রার্থী হয়েছেন । বাবুল। সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে যোগ দিয়েছেন তৃণমূলে। বালিগঞ্জ বিধানসভায় উপনির্বাচনে লড়াইয়ে তিনি। বিজেপিও তাঁর বিরুদ্ধে প্রচারে খামতি রাখছে না। তবে বালিগঞ্জে তৃণমূলের বড় ভরসা সংগঠন। গত বিধানসভা নির্বাচনে বালিগঞ্জে প্রায় ৭৩ হাজার ভোটে জয়ী হয়েছিলেন প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। পাশাপাশি পুরসভা নির্বাচনে ভালো ফল করেছে ঘাস ফুল শিবির। এই কেন্দ্রটিতে বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। সিপিএমের প্রার্থী সায়রা শাহ হালিম। কংগ্রেস প্রার্থী করেছে কামরুজ্জামান চৌধুরীকে । দুটি উপনির্বাচনে তৃণমূল বিজেপি দু-পক্ষই জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। তবে শেষ হাসি কে হাসে এখন সেটাই দেখার।
(ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment