কলেজ স্ট্রিট বইপাড়ার ভরা মরশুম সুনসান

College Street

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রেজাল্ট বের হলেও কলেজ স্ট্রিটে বইয়ের চাহিদা নেই। পড়ুয়ারা পাশ করলেই নতুন ক্লাস। নতুন ক্লাস মানেই নতুন বই। ফলাফল বের হওয়ার আগে থেকেই পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকদের বই কেনার তাগিদ থাকে। রেজাল্ট হাতে পাওয়ার পর বই বিক্রেতাদের ব্যস্ততা বেড়ে যায়। লিস্ট মিলিয়ে পড়ুয়া ও ক্রেতাদের বই দিতেই ব্যস্ত থাকেন কলেজ স্ট্রিট বইপাড়ার প্রকাশক ও বিক্রেতারা। কলেজ স্ট্রিট বইপাড়ার চেহারা এখন সম্পূর্ণ ভিন্ন। উল্লেখ্য, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইসিএসই, সিবিএসই ও আইএসসি-সহ বিভিন্ন বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ হয়েছে।

কলেজ স্ট্রিট বইপাড়া এখন ফাঁকা। সূত্রের খবর, কোনও লিস্টই আসছে না স্টলগুলিতে। অনেক প্রকাশক ও বিক্রেতারা বাড়ি ফিরছেন একপ্রকার খালি হাতেই। সব মিলিয়ে মন্দা বাজার। সূত্রের আরও খবর, বিভিন্ন পরীক্ষার ফল বেরনোর আগেও বই বিক্রির হার একেবারে তলািনতে ছিল। কলেজ স্ট্রিটের বই বিক্রেতাদের আক্ষেপ, বিভিন্ন জায়গায় অনলাইনে ক্লাস চালু হওয়ায় পড়ুয়ারা সেখান থেকেই স্টাডি মেটেরিয়ালের সফট কপি পেয়ে যাচ্ছে। ফলে বই কেনার তাগিদও হারিয়ে যাচ্ছে। কলেজ স্ট্রিটের প্রকাশক ও বই বিক্রেতাদের একাংশের বক্তব্য, অন্যান্য বছর এই সময় মাধ্যমিক-সহ অন্যান্য বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা শেষ হতেই বইপাড়ায় ক্রয়-বিক্রয় শুরু হয়ে যায়। এমনকী ফলপ্রকাশের জন্য অপেক্ষা না করে অনেক পড়ুয়া বই কিনে পড়াশোনা শুরু করে দেয়। সায়েন্স, কমার্স বা আর্টস প্রভৃতি বিভাগের বইয়ের চাহিদা থাকে। কলেজ স্ট্রিট সূত্রের আরও খবর, এর আগে প্রতিবছর এই সময় দম ফেলার অবসর পাওয়া যায় না। ছোট ব্যবসায়ীরাও এই ভরা মরশুমে প্রতিদিন ভাল টাকার ব্যবসা করেন। তবে এ বছর পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। দোকান ও গোডাউন মিলিয়ে প্রচুর বই পড়ে রয়েছে। কেনার মানুষ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *