পঞ্চম দফায় প্রচারে রাজ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধি

rahul and campaing

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: “সোনার বাংলা নয়, বিজেপি বাংলা ভাগের চেষ্টা করেছে”, মন্তব্য রাহুল গান্ধির। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ৪ দফা ভোট হয়ে যাওয়ার পর পঞ্চম দফায় প্রচারে রাজ্যে এলেন কংগ্রেস নেতা রাহুল। সংযুক্ত মোর্চার হয়ে গোয়ালপোখর ও মাটিগাড়া-নকশাল বাড়ি দুটি কেন্দ্রে প্রার্থীর সমর্থনে জনসভা করলেন তিনি। গোয়ালপোখরের জনসভা থেকে মোদি-মমতা দুই পক্ষকেই আক্রমণ করলেন । করোনা-লকডাউন পর্বে কেন্দ্রের নানা সিদ্ধান্ত ও কৃষিআইনের বিরুদ্ধে সরব হলেন তিনি। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, “মোদিজী কারও সঙ্গে পরামর্শ না করেই লকডাউন করেন। করোনা এলে মোদি বলেন, হাততালি দাও। দীপ জ্বালাও। করোনা কি এসবে চলে গিয়েছে?” করোনা নিয়ে চিন্তিত নয় কেন্দ্র বা রাজ্য সরকার,এমনই অভিযোগ করলেন।

রাহুল গান্ধি বিজেপির দিকে অভিযোগের সুরে আরও বলেন, “গেরুয়াশিবির বাংলাকে ভাগ করার চেষ্টা করছে। বাংলাকে বাঁচাতেই এসেছি। যে ভাবনা বিজেপি বাংলায় ছড়ানোর চেষ্টা করছে, তা-ই অসম, তামিলনাড়ুতে করছে বিজেপি।” মেরুকরণের রাজনীতির বিরুদ্ধেই ভোট চাইছেন তাঁরা, বোঝাতে চাইলেন সেটাই। রাহুলের ব্যাখ্যা বাংলার জন্য মোদি-দিদি কিছুই করেনি। এ বিষয়ে তিনি বলেন, “বাংলার জন্য কী করেছেন মোদি? কী করেছে মমতার সরকার? নরেন্দ্র মোদির লক্ষ্য একটাই। নিজেদের মধ্যে সকলকে লড়াই করিয়ে দেওয়া। যাতে তাঁরা প্রশ্ন করতে না পারেন। কত লোককে চাকরি দিয়েছেন নরেন্দ্র মোদি? ভারতের অর্থনৈতিক ব্যবস্থাকে শেষ করে দিয়েছেন। এমন আইন তৈরি করেছেন, প্রথমে ছোট দোকারদারদের মেরেছেন, এখন কৃষকদের মারছেন।”

পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গেও তাঁর বক্তব্য,”শ্রমিকেরা হাতজোড় করে বলেন, আমরা ঘরে যেতে চাই। তবে সোনার বাংলাওয়ালারা বলেন, তোমরা না খেয়ে পেয়ে মরে যাও। সে সময়ই নরেন্দ্র মোদি নিজের ৫-১০ বন্ধুর কর মাফ করেন।”ভোটের চারদফা মিটে যাওয়ার পর রাহুল গান্ধি কেন বাংলায় আসেননি তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয়েছে কংগ্রেসকে। তাঁর প্রচারে কতটা সুফল মিলল তা বোঝা যাবে ২ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *