Dam RepairOthers 

বিশ্বব্যাঙ্ক ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বাঁধ সংস্কার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশ্বব্যাঙ্কের সঙ্গে মিলে বাঁধ সংস্কার হবে। ব্যারাজ বা বাঁধ সংস্কারে বড় মাপের কর্মসূচি নিতে চলেছে রাজ্য। সূত্রের খবর, বিশ্বব্যাঙ্ক ও রাজ্য সরকার যৌথভাবে এই কাজ করবে বলে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, কংসাবতী, মশানজোড়, হিংলো ও শিলাবতী প্রভৃতি নদী রয়েছে। আবার তিলপাড়া বাঁধ, ব্রাহ্মণী ব্যারাজ, কুলতোড় ব্যারাজ এবং বর্ধমান, বীরভূম, বাঁকুড়ার যে-সব বাঁধ বা ব্যারাজের এতদিন সংস্কার হয়নি, সেগুলিকে এই প্রকল্পের অধীনে আনা হয়েছে।

এরফলে বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। সূত্রের আরও খবর, রাজ্যের পশ্চিমাঞ্চলে এই প্রকল্পের জন্য ৩ হাজার কোটি টাকা খরচ হবে। বিভিন্ন পুরনো বাঁধ সংস্কার করে সেচের পরিমাণ বাড়ানোও অন্যতম লক্ষ্য হতে চলেছে। উল্লেখ্য, ২০১৭ সালে রাজ্য বাঁধ-ব্যারাজগুলির সেফটি অডিট বা সুরক্ষা-সমীক্ষা করানো হয়। সেই নিরিখে ৫০ থেকে ৬০ বছরের পুরনো সব বাঁধকে সংস্কার কর্মসূচির অধীনে আনা হয়েছে।

এক্ষেত্রে ৩৪৫ কোটি টাকা খরচ হবে বলেও জানা গিয়েছে। জানা যায়, ৭০ শতাংশ খরচ দেবে বিশ্বব্যাঙ্ক ও বাকি ৩০ শতাংশ খরচ করবে রাজ্য। এ বিষয়ে আরও জানা যায়, ডিভিসি এলাকার জন্য সেচপথের সংস্কার করা হচ্ছে। বর্ষায় ডিভিসি থেকে জল ছাড়া হলে হাওড়া ও হুগলির বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়।

এবার সেখানকার বিভিন্ন নদী-ক্যানাল সংস্কার করে ৪.৭ লক্ষ একর এলাকাকে বন্যার কবল থেকে মুক্তি দেওয়া সম্ভব হবে বলে জানানো হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, এক্ষেত্রে উপকৃত হবেন প্রায় ২৭ লক্ষ মানুষ। এই প্রকল্পে ৩ হাজার কোটির মধ্যে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক ও বিশ্বব্যাঙ্ক দেবে ৭০ শতাংশ টাকা। আবার ৩০ শতাংশ দেবে রাজ্য। ২০২০ সাল থেকে কাজ শুরু হয়েছে, তা চলবে ২০২৫ সাল পর্যন্ত।

Related posts

Leave a Comment